আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

কুমিল্লায় ট্রেন-বাস সংঘর্ষে ঝিনাইদহের যুবক নিহত, স্বজনদের আহাজারি

জেলা প্রতিনিধি, ঝিনাইদহ

কুমিল্লায় ট্রেন-বাস সংঘর্ষে ঝিনাইদহের যুবক নিহত, স্বজনদের আহাজারি

কুমিল্লার পদুয়া বাজার এলাকায় ভয়াবহ ট্রেন ও বাসের মুখোমুখি সংঘর্ষে ঝিনাইদহের এক যুবক নিহত হয়েছেন। রোববার ভোরে সংঘটিত এই মর্মান্তিক দুর্ঘটনায় অন্তত ১২ জন যাত্রী প্রাণ হারান।

নিহত জোহাদ হোসেন (২৪) ঝিনাইদহ সদর উপজেলার ১০নং হরিশংকরপুর ইউনিয়নের পানামী গ্রামের বাসিন্দা। তিনি ওই গ্রামের মুক্তার হোসেনের একমাত্র ছেলে।

বিজ্ঞাপন

পারিবারিক সূত্রে জানা গেছে, ঈদের নামাজ শেষে জোহাদ হোসেন নোয়াখালীতে শ্বশুরবাড়ির উদ্দেশ্যে রওনা হন। ভোর আনুমানিক ৩টা ১০ মিনিটে কুমিল্লার পদুয়া বাজার এলাকায় একটি যাত্রীবাহী বাসের সঙ্গে ট্রেনের মুখোমুখি সংঘর্ষ ঘটে। সংঘর্ষটি এতটাই ভয়াবহ ছিল যে ঘটনাস্থলেই বহু যাত্রী নিহত হন, যাদের মধ্যে জোহাদ হোসেনও রয়েছেন।

জোহাদের মৃত্যুর খবর গ্রামে পৌঁছালে পানামী এলাকায় শোকের ছায়া নেমে আসে। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে পরিবেশ। একমাত্র সন্তানকে হারিয়ে বাকরুদ্ধ হয়ে পড়েছেন তার বাবা মুক্তার হোসেন।

এ ঘটনায় এলাকায় গভীর শোক প্রকাশ করেছেন স্থানীয় জনপ্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। তারা নিহতের আত্মার মাগফেরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

এদিকে দুর্ঘটনার কারণ অনুসন্ধানে রেলওয়ে কর্তৃপক্ষ একটি তদন্ত কমিটি গঠন করেছে। আইনি প্রক্রিয়া শেষে জোহাদ হোসেনের লাশ ঝিনাইদহে আনার প্রস্তুতি চলছে বলে পরিবার সূত্রে জানা গেছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন