ভোলার বোরহানউদ্দিন উপজেলায় যুবদল নেতার বিরুদ্ধে চালের ডিলারের কাছে ৩ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে। অভিযুক্ত তৈয়বুর রহমান মাতাব্বর (৪৫) পক্ষিয়া ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক। ভুক্তভোগী খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার মো. আব্দুর রহিম ওরফে হাসান ফারাজী (৩০)। তিনি গতকাল রোববার সন্ধ্যায় বোরহানউদ্দিন থানায় এ অভিযোগ করেন।
অভিযোগ সূত্রে জানা যায়, পক্ষিয়া ইউনিয়ন পরিষদের নিচতলায় খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় ১৫ টাকা কেজি দরে সরকারের চাল বিতরণ কার্যক্রম চলছিল। এ সময় ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক তৈয়বুর রহমান মাতাব্বর চালের ডিলার ও আব্দুর রহিমের কাছে ৩ লাখ টাকা চাঁদা দাবি করেন। উক্ত টাকা দিতে অস্বীকৃতি জানালে ডিলারকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেওয়া হয়। পরবর্তীতে ক্যাশবাক্সে থাকা চাল বিক্রির নগদ ৫৫ হাজার টাকা অভিযুক্ত ব্যক্তি ছিনিয়ে নেন বলে অভিযোগে উল্লেখ করা হয়।
অভিযোগকারী ডিলার আব্দুর রহিমের দাবি, তৈয়বুর রহমান আগেও একাধিকবার তার কাছে একই পরিমাণ টাকা চাঁদা দাবি করে আসছিলেন। বিষয়টি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের জানিয়ে অভিযুক্তকে সতর্ক করা হলেও তিনি তা আমলে নেননি। ঘটনার সময় আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্ত তাকে প্রকাশ্যে প্রাণনাশের হুমকি দিয়ে স্থান ত্যাগ করেন। এ বিষয়ে তিনি বোরহানউদ্দিন থানায় লিখিত অভিযোগ দিয়ে সুষ্ঠু তদন্তপূর্বক কঠোর আইনি ব্যবস্থার জোর দাবি জানান।
তবে চাঁদাবাজির অভিযোগের বিষয়ে জানতে চাইলে তৈয়বুর রহমান মাতাব্বর আমার দেশকে বলেন, আমি কোনো চাঁদার টাকা নিইনি, আমার লভ্যাংশের টাকা নিয়েছি। কারণ আমি ওই ব্যবসার একজন অংশীদার।
এ বিষয়ে বোরহানউদ্দিন থানার ওসি আশ্রাব আলী জানান, এ ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে সত্যতার ভিত্তিতে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

