বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও বরিশাল-১ আসন থেকে দলটির মনোনয়নপ্রত্যাশী ইঞ্জিনিয়ার আবদুস সোবহান বলেছেন, আপনারা নির্বিঘ্নে দুর্গাপূজার সকল উৎসব পালন করবেন। বিএনপির নেতাকর্মীরা আপনাদের সব মন্দিরে সবধরনের নিরাপত্তার জন্য সর্বদা নিয়োজিত থাকবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দলীয় নেতাকর্মীদের ওপর এমনই কঠোর নির্দেশনা রয়েছে।
রোববার সন্ধ্যায় বরিশালের গৌরনদী বন্দরের ঐতিহ্যবাহী সার্বজনীন দুর্গা মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় তিনি একথা বলেন।
আবদুস সোবহান বলেন, দেশে কোন ধর্মের মানুষের মধ্যে কোন ধরনের ভেদাভেদ থাকবে না। আমরা সবাই একসাথে মিলেমিশে এদেশে বসবাস করবো। অতীতে আপনাদের পাশে আমি যেমন ছিলাম, এখনও আছি ভবিষ্যতেও থাকবো।
তিনি বলেন, আগামী ২৮ সেপ্টেম্বর থেকে পূজার শেষ পর্যন্ত আমি নিজে আপনাদের সাথে অবস্থান করে সনাতন ধর্মাবলম্বীদের নিরাপত্তা বিধানের জন্য সচেষ্ট থাকবো। সমাজের কতিপয় দুষ্কৃতকারীরা যেন অপকর্ম করে বিএনপির ওপর দায়ভার চাপাতে না পারে সে ব্যাপারে নেতাকর্মীদের সজাগ থাকার জন্য সকলের প্রতি আহ্বান রইলো।
সভায় উপস্থিত ছিলেন- গৌরনদী বন্দর দুর্গা মন্দির কমিটির সভাপতি বঙ্কিম চন্দ্র কর্মকার, হিন্দু-বৌদ্ধ-কল্যান ফ্রন্টের বরিশাল জেলা শাখার যুগ্মআহবায়ক বিশ্বজিৎ রায়, হিন্দু সম্প্রদায়ের নেতা রবি শংকর রায়, সজল ঘোষ, গৌরনদী পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শাহে আলম ফকির, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি আবদুল মালেক আকন ও গৌরনদী পৌর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক জামাল হাওলাদার।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

