আমতলীতে বাসচাপায় মাদরাসাছাত্র নিহত

আমতলীতে বাসচাপায় মাদরাসাছাত্র নিহত

বরগুনার আমতলীতে পটুয়াখালী-কুয়াকাটা আঞ্চলিক মহাসড়কে বাসচাপায় আহাম্মদ উল্লাহ (১২) নামের এক মাদরাসাছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২০ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার আমড়াগাছিয়া বাসস্ট্যান্ড সংলগ্ন বাজারে এই দুর্ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

নিহত আহাম্মদ উল্লাহ আমতলী উপজেলার রহমতপুর মাদরাসার ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী এবং কুকুয়া ইউনিয়নের আমড়াগাছিয়া গ্রামের খবির উদ্দিন তালুকদারের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, কুয়াকাটা থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা 'ইতালি পরিবহন' নামের একটি দূরপাল্লার বাস আমড়াগাছিয়া বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় দাঁড়িয়ে থাকা আহাম্মদ উল্লাহকে পেছন থেকে সজোরে ধাক্কা দেয়। এতে সে গুরুতর আহত হয়।

পরে স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১২টার দিকে তার মৃত্যু হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে পুলিশ জানায়, ঘাতক বাসটিকে ইতোমধ্যে পটুয়াখালী থানা পুলিশ আটক করেছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন