বরগুনায় এক কোটি টাকার বিতর্কিত চাঁদাবাজি মামলায় দৈনিক কালবেলার জেলা প্রতিনিধি আসাদ সবুজের জামিন মঞ্জুর করেছেন আদালত।
বুধবার বরগুনার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক বাদীর উপস্থিতিতে শুনানি শেষে তার জামিন মঞ্জুর করেন। সাংবাদিক আসাদ সবুজের জামিন লাভের খবরে স্থানীয় ও জাতীয় পর্যায়ে সাংবাদিক নেতাদের মধ্যে স্বস্তি প্রকাশ পেতে দেখা গেছে।
এদিকে, গ্রেপ্তারের সময় সাংবাদিক আসাদকে হ্যান্ডকাফ পরিয়ে অমানবিক আচরণ ও পুলিশ বিধিমালা লঙ্ঘনের অভিযোগে জড়িত উপপরিদর্শক (এসআই) হারুন অর রশিদকে বরগুনা পুলিশ লাইন্সে প্রত্যাহার করা হয়েছে। বরগুনা জেলা পুলিশ জানিয়েছে, এ ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনে অভিযোগের সত্যতা প্রমাণিত হলে জড়িতদের বিরুদ্ধে বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।
মামলার বিবরণে জানা যায়, গত ১ অক্টোবর রাতে ভূমিদস্যু হিসেবে পরিচিত সুভাষ ঘোষের ভাই স্বপন কুমার ঘোষের দায়ের করা এক কোটি টাকার হয়রানিমূলক চাঁদাবাজি মামলায় সাংবাদিক আসাদ সবুজকে গ্রেপ্তার করে বরগুনা থানা-পুলিশ। ওই মামলায় আরও ১৩ জনকে আসামি করা হয়।
গ্রেপ্তারের পর আসাদ সবুজের আইনজীবীরা তিন দফা জামিনের আবেদন করেন। গত রোববার (৪ অক্টোবর) বরগুনার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে জামিনের আবেদন করা হলে বিচারক শুনানির জন্য মঙ্গলবার (৬ অক্টোবর) দিন ধার্য করেন। পরবর্তীতে বাদীর উপস্থিতিতে চূড়ান্ত শুনানির জন্য বুধবার দিন ধার্য করা হয় এবং শুনানি শেষে আদালত জামিন মঞ্জুর করেন। শুনানিতে আসামিপক্ষে অ্যাডভোকেট এম এ বারী মতিন এবং বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের পক্ষে অ্যাডভোকেট মোস্তফা কাদের ও অ্যাডভোকেট বাবুল দাস অংশ নেন।
অন্যদিকে সাংবাদিক আসাদ সবুজকে গ্রেপ্তারের পর হ্যান্ডকাফ পরিয়ে হেনস্তা ও পুলিশ বিধিমালা লঙ্ঘনের প্রতিবাদ জানান বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ও সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির নেতারা। ৩ অক্টোবর সংগঠনটির কেন্দ্রীয় নেতৃবৃন্দ বরগুনায় গিয়ে পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ দেন। প্রাথমিক তদন্তে সত্যতা পাওয়ায় মঙ্গলবার এসআই হারুন অর রশিদকে প্রত্যাহার করা হয়।
জামিন আদেশের পর প্রতিক্রিয়া জানিয়ে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ও সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির সভাপতি আহমেদ আবু জাফর বলেন, “অনেকেই চেয়েছিলেন আসাদ সবুজ কারাবন্দি থাকুক। সবুজের সততা ও প্রতিবাদী অবস্থানই ছিল তাঁদের প্রধান সমস্যা। আজ জামিনের মাধ্যমে প্রাথমিক বিজয় অর্জিত হলো। এই অর্জনের ভাগীদার দেশের সর্বস্তরের সাংবাদিকেরা, যারা সবুজের পক্ষে ছিলেন। ভিত্তিহীন এই মামলা থেকে পূর্ণাঙ্গ অব্যাহতি পাওয়ার মাধ্যমেই চূড়ান্ত বিজয় অর্জিত হবে।” তিনি আন্দোলনকারী সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

