বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির ডা. শফিকুর রহমান আজ পিরোজপুরে আসছেন। আজ শুক্রবার বেলা ৩টায় পিরোজপুরে এক নির্বাচনি জনসভায় ভাষণ দেবেন তিনি। তার সফর ও জনসভা উপলক্ষে পিরোজপুর জেলা জামায়াত ব্যাপক প্রস্তুতি নিয়েছে।
স্থানীয় সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে দাঁড়িপাল্লার আদলে দৃষ্টিনন্দন মঞ্চ নির্মাণসহ আনুষঙ্গিক সাজসজ্জা ও সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জেলা আমির অধ্যক্ষ তাফাজ্জল হোসাইন ফরিদ জানিয়েছেন।
জনসভায় লক্ষাধিক লোকের সমাগম হবে। সভায় উল্লেখযোগ্যসংখ্যক নারী উপস্থিত থাকবেন। সভামঞ্চে পিরোজপুরের তিনটি আসনের জামায়াত জোটের প্রার্থীদের পরিচয় করিয়ে দিয়ে ডা. শফিকুর রহমান দাঁড়িপাল্লার পক্ষে ভোট চেয়ে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন বলে জেলা আমির জানিয়েছেন।
জনসভায় জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মোয়াজ্জেম হোসেন হেলাল, জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) মুখপাত্র আল রাশেদ প্রধান, এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব মাহমুদা আক্তার মিতুসহ স্থানীয় ও অন্যান্য রাজনৈতিক নেতা উপস্থিত থাকবেন বলে তিনি জানান।
এদিকে ডা. শফিকের পিরোজপুরে আগমন উপলক্ষে ও তার নির্বাচনি জনসভা সফল করতে জামায়াত পিরোজপুর শহরে বুধবার থেকে মিছিল করছে। জনসভা উপলক্ষে বুধবার পিরোজপুর জেলা জামায়াত এক সংবাদ সম্মেলনও করেছে।
প্রসঙ্গত, পিরোজপুর-১ ও ২ আসনে শহিদ মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর দুই ছেলে মাসুদ সাঈদী ও শামীম সাঈদী এবং পিরোজপুর-৩ আসনে জামায়াত জোটের এনসিপি প্রার্থী ড. শামীম হামিদী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

