ইসলামের জন্য ক্ষমতা ছাড়তে পারি, ক্ষমতার জন্য ইসলাম নয়: ফয়জুল করীম

ইসলামের জন্য ক্ষমতা ছাড়তে পারি, ক্ষমতার জন্য ইসলাম নয়: ফয়জুল করীম

ইসলামের জন্য ক্ষমতা ছাড়তে পারি, কিন্তু ক্ষমতার জন্য ইসলাম নয় বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম।

সোমবার রাত ৯টায় পিরোজপুরের ভাণ্ডারিয়া শহীদ জিয়া মাঠে বাংলাদেশ মুজাহিদ কমিটির ভাণ্ডারিয়া সাংগঠনিক জেলা শাখা আয়োজিত বার্ষিক ওয়াজ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বিজ্ঞাপন

মাওলানা মুহাম্মদ সোলাইমান মিয়ার সভাপতিত্বে মাহফিলে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মাওলানা আবুল কালাম আজাদসহ অন্য আলেম-ওলামারা।

মাহফিলে বিশেষ অতিথি মাওলানা আবুল কালাম আজাদ তার বক্তব্যে দাবি করেন, স্থানীয় সংসদ সদস্য ও গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী মাহফিল বন্ধের চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়েছেন। এ বক্তব্যের তীব্র প্রতিবাদ জানান উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মনির হোসেন আকন ও সাংগঠনিক সম্পাদক আবুল কালাম মল্লিক জমাদ্দারসহ স্থানীয় নেতৃবৃন্দ।

পরবর্তী সময়ে মাহফিলের সভাপতি মাওলানা মুহাম্মদ সোলাইমান মিয়া বিষয়টি ব্যাখ্যা করে বক্তব্যের ভুল স্বীকার করেন। সমাপনী বক্তব্যে তিনি বলেন, স্থানীয় পরিস্থিতি সম্পর্কে যথাযথ তথ্য না জেনে বিশেষ অতিথি প্রতিমন্ত্রীকে নিয়ে মাহফিল বন্ধের চেষ্টার যে বক্তব্য দিয়েছেন, তা সঠিক নয়। তিনি স্পষ্ট করেন যে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী এবং স্থানীয় বিএনপি নেতাদের সার্বিক সহযোগিতাতেই শান্তিপূর্ণ ও সুষ্ঠু পরিবেশে মাহফিলটি সম্পন্ন হয়েছে।

প্রধান অতিথি মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীমের আখেরি মোনাজাতের মধ্য দিয়ে মাহফিলের সমাপ্তি ঘটে। মোনাজাতে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ, শান্তি ও সমৃদ্ধি কামনা করা হয়।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন