নারীদেরকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে কাজ করছেন প্রধানমন্ত্রী: রহমাতুল্লাহ

স্টাফ রিপোর্টার

নারীদেরকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে কাজ করছেন প্রধানমন্ত্রী: রহমাতুল্লাহ

নারীদেরকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে আত্মমর্যাদাশীল ও দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে প্রধানমন্ত্রী তারেক রহমান নিরলসভাবে কাজ করছেন বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ।

বিজ্ঞাপন

শনিবার বিকেলে বরিশাল নগরীর চৌমাথা এলাকায় হাতেম আলী কলেজের সম্মুখেনারী উদ্যোক্তাদের প্রশিক্ষণের লক্ষ্যে সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উদ্যোমী নারী ফাউন্ডেশনে'র উদ্যোগে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।

এ সময় বিএনপি নেতা রহমাতুল্লাহ বলেন, একটি দেশের টেকসই উন্নয়ন নিশ্চিত করতে নারীকে অর্থনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত করার কোনো বিকল্প নেই। নারীরা আজ শুধু পরিবার পরিচালনাতেই নয়, বরং উদ্যোক্তা, কর্মসংস্থান সৃষ্টিকারী এবং দেশের অর্থনৈতিক অগ্রযাত্রার অন্যতম চালিকাশক্তি হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করছেন। এ ধারা আরও শক্তিশালী করতে দক্ষতা উন্নয়ন ও আত্মকর্মসংস্থানের সুযোগ বাড়ানো প্রয়োজন।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান নারী উন্নয়ন ও ক্ষমতায়নের বিষয়ে অত্যন্ত আন্তরিক। নারীদের প্রশিক্ষণ, কর্মসংস্থান সৃষ্টি এবং ক্ষুদ্র উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে বিভিন্ন বাস্তবমুখী পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে। ফ্যামিলি কার্ড এই কর্মসূচির অংশ। একজন নারী স্বাবলম্বী হলে শুধু একটি পরিবার নয়, পুরো সমাজই উপকৃত হয়। তাই নারীদের এগিয়ে নিতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

'উদ্যোমী নারী ফাউন্ডেশনে'র উদ্যোগের প্রশংসা করে রহমাতুল্লাহ বলেন, সেলাই মেশিন বিতরণের মতো কার্যক্রম নারীদের আত্মনির্ভরশীল হওয়ার পথকে আরও সহজ করবে। প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত দক্ষতাকে কাজে লাগিয়ে তারা নিজস্ব উদ্যোগ গড়ে তুলতে পারবেন এবং পরিবারের আর্থিক সচ্ছলতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

এমই

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন