বরিশালের বাকেরগঞ্জে বোমা বিস্ফোরণে নারী-শিশুসহ গুরুতর দগ্ধ তিনজনের চিকিৎসার দ্বায়িত্ব নিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকা বার্ন ইনস্টিটিউটে পাঠানো হয়েছে।
সোমবার সন্ধ্যায় বরিশাল বিভাগীয় কমিশনারসহ জেলা প্রশাসনের সহায়তায় সরকারি অ্যাম্বুলেন্স যোগে গুরুতর দগ্ধ হনুফা বেগম, মেয়ে ইতি ও নাতি ৫ম শ্রেণির শিক্ষার্থী ফাহিমকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়।
স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, সোমবার সকাল ৬টায় উপজেলার ভরপাশা ইউনিয়নের দুধলমৌ গ্রামের শাহ আলম হাওলাদারের বাড়িতে হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই শাহ আলমের স্ত্রী হনুফা বেগম, কন্যা ইতি ও পঞ্চম শ্রেণিতে পড়ুয়া নাতি ফাহিম অগ্নিদগ্ধ হয়ে গুরুতর আহত হয়। স্থানীয়রা ছুটে এসে আহতদের উদ্ধার করে গুরুতর অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে তাদের শারীরিক অবস্থার অবনদিত হওয়ায় উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠানো হয়।
এদিকে, মোবা বিস্ফোরণের খবর পেয়ে বরিশাল জেলা পুলিশ সুপার এ.জেড.এম মোস্তাফিজুর রহমানসহ বাকেরগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। এসময় তারা স্থানীয় বাসিন্দাদের আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়ে ঘটনার রহস্য উদঘাটন ও অভিযুক্তদের আইনের আওতায় আনার প্রতিশ্রুতি দেন।
এদিকে বোমা বিস্ফোরণে দগ্ধদের দেখতে বিকেল ৬টার দিকে বিভাগীয় কমিশনার খলিল আহম্মেদ, রেঞ্জ ডিআইজি মো. মোস্তাফিজুর রহমান, বরিশাল জেলা প্রশাসক মো. মামুন খন্দকারসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা বরিশাল শেবাচিম হাসপাতালে ছুটে যান এবং দগ্ধদের শারীরিক খোঁজ খবর নেন। এসময় হাসপাতালের পরিচালকসহ কর্তব্যরত চিকিৎসকরা আহতদের উন্নত চিকিৎসার জন্য ঢাকা প্রেরণের সুপারিশ করেন। পরে বিভাগীয় কমিশনার খলিল আহম্মেদ তাৎক্ষণিক ৩০ হাজার টাকা দিয়ে আহতদের উন্নত চিকিৎসার জন্য ঢাকা বার্ন ইনস্টিটিউটে প্রেরণ করেন।
বিভাগীয় কমিশনার বলেন, বোমা বিস্ফোরণের বিষয়টি পুলিশ তদন্ত করে ব্যবস্থা নেবে। পাশাপাশি আহতদের উন্নত চিকিৎসার জন্য হাসপাতাল থেকে বিনা খরচে ঢাকায় পাঠানোর ব্যবস্থা করেছেন। এছাড়া বোমা বিস্ফোরণে দগ্ধদের চিকিৎসার ব্যয় বিভাগীয় প্রশাসন ও জেলা প্রশাসন বহন করবে।
তিনি বলেন, আহতদের শারীরিক বিষয়ে বরিশালের দ্বায়িত্বপ্রাপ্ত মন্ত্রী জহির উদ্দীন স্বপন স্যার একাধিকবার ফোন করে খোঁজ খবর নিয়েছেন। তিনিও সার্বিক সহযোগীতা করছেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

