প্রধানমন্ত্রীর উপদেষ্টা জহির উদ্দিন স্বপন এমপি

নৈরাজ্যের রাজনীতির বদলে আমরা কার্যকর সংসদ তৈরি করেছি

নৈরাজ্যের রাজনীতির বদলে আমরা কার্যকর সংসদ তৈরি
করেছি
জহির উদ্দীন স্বপন। ছবি: আমার দেশ

প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এমপি জহির উদ্দিন স্বপন বলেছেন, ‘রাজপথের নৈরাজ্যের রাজনীতির বদলে আমরা একটা কার্যকর জাতীয় সংসদ তৈরি করেছি, যেখানে বিরোধী দল সরকারি দলকে সমালোচনা করার অবাধ সুযোগ পাচ্ছে এবং অধিকার পাচ্ছে। তারা প্রতিদিন ভুল-ত্রুটি ধরিয়ে দিয়ে আমাদের প্রধানমন্ত্রী সংসদ নেতাসহ সরকারকে ন্যায্য-অন্যায্য সমালোচনা করেই চলছে। অতএব মানুষের ভাগ্য পরিবর্তনের পাশাপাশি রাজনৈতিক এই সংস্কারের কাজেও আমাদের নেতা হাত দিয়েছেন এবং জাতীয় সংসদকে তিনি কার্যকর করেছেন।’

বৃহস্পতিবার সকাল ৯টায় সরিকল-বাটাজোর খালের পাশে প্রধানমন্ত্রী কর্তৃক রোপণকৃত গাছের পরিচর্যা ও পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধণী অনুষ্ঠানে তিনি এই কথা বলেন।

বিজ্ঞাপন

জহির উদ্দিন স্বপন বলেন, ‘আমরা বিশ্বাস করি সংসদ যদি সব রাজনীতির কেন্দ্রবিন্দু হয়, তাহলে রাজপথে নৈরাজ্য ফিরে আসবে না। দেশের পুলিশ প্রশাসনকে আমরা জনগণের সেবক হিসেবে ঢেলে সাজাতে চাই। বিগত সরকার পুলিশের ইউনিফর্মকে তাদের রাজনৈতিক দলের একটা বাহিনী বানিয়েছিল। পুলিশের গায়ে তারা বদনাম দিয়েছে। খুনের বদনাম দিয়েছে, গুমের বদনাম দিয়েছে। তারা দুর্নীতির বদনাম দিয়েছে। যে কারণে বেনজিরের মতো লোক আজকে পালিয়ে বেড়ায়। একটা পুলিশের আইজি যখন পালিয়ে বেড়ায়, তখন ইউনিফর্ম পড়া একজন কনস্টেবলেরও খারাপ লাগে। আমরা পুলিশকে তাদের মানসম্মান, ইজ্জত আবার নতুন করে ফেরত দিতে চাই ।’

তিনি আরও বলেন, ‘দেশের আমলাতন্ত্রকে তারা দখল করেছিল, দলবাজ বানিয়ে ফেলেছিল এইচ টি ইমামের নেতৃত্বে। আমরা সেই আমলাতন্ত্রকে নিরপেক্ষ করতে চাই। দেশের ব্যাংকের আমানতকারীদের টাকা লুটেরাদের হাতে দিয়ে ভালো ভালো ব্যাংকগুলোতে তারা ডাকাতি করেছে। আমরা সেই ব্যাংকগুলোকে আবার নিজের পায়ে দাঁড় করিয়ে আমানতকারীদের টাকা যাতে নিরাপদ থাকে এবং প্রকৃত শিল্প উদ্যোক্তারা যাতে ঋণ নেয় সেই ব্যবস্থা করছি।

শেয়ারবাজারের ক্ষুদ্র বিনিয়োগকারীরা তাদের টাকা নিঃস্ব করে দিয়েছে। আমরা সেই শেয়ারবাজারকে আবার নতুন করে আস্থাবান একটা বাজারে পরিণত করছি, যাতে বিনিয়োগকারীরা সেখানে তাদের বিনিয়োগ করে এবং সেই টাকা দেশের অর্থনীতিতে কাজে দেয়।’

গৌরনদী উপজেলা, পৌর ও কলেজ ছাত্রদলের আয়োজনে পরিচর্যা ও পরিচ্ছন্নতা কর্মসূচিতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ সরোয়ার আলম বিপ্লব, সদস্যসচিব জহির সাজ্জাদ হান্নান, পৌরসভা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান খোকন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রুবেল গোমস্তা, সদস্য সচিব আল-আমিন মোল্লাসহ বিভিন্ন ইউনিটের ছাত্রদলের নেতাকর্মীরা।

এমএইচ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন