অন্তর থেকে বড়ত্ব ও আমিত্বের ভাব দূর করতে হবে: চরমোনাই পীর

অন্তর থেকে বড়ত্ব ও আমিত্বের ভাব দূর করতে হবে: চরমোনাই পীর

অন্তর থেকে বড়ত্ব ও আমিত্বের ভাব দূর করে আল্লাহর দরবারে নিজেকে সোপর্দ করতে হবে বলে মন্তব্য করেছেন চরমোনাই পীর মাওলানা সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম। তিনি বলেন, সদা-সর্বদা আল্লাহর জিকিরের মাধ্যমে অন্তরকে সজীব রাখতে হবে। আল্লাহর সন্তুষ্টি অর্জন ও আত্মশুদ্ধির প্রত্যয় নিয়ে মাহফিল থেকে বিদায় নিতে হবে।

বিজ্ঞাপন

শুক্রবার বাদ জুমা চরমোনাই মাদরাসার মূল মাঠসহ চারটি মাঠজুড়ে আয়োজিত তিন দিনব্যাপী মাহফিলের উদ্বোধনী অধিবেশনে তিনি এসব কথা বলেন।

চরমোনাই পীর বলেন, চরমোনাই মাহফিল কোনো দুনিয়াবি উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়নি। বরং পথভোলা মানুষকে আল্লাহর সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া এবং মানুষকে আল্লাহমুখী করাই এ মাহফিল প্রতিষ্ঠার মূল উদ্দেশ্য। সুতরাং এখানে দুনিয়াবি কোনো উদ্দেশ্য সাধনের জন্য আসার প্রয়োজন নেই। কেউ এমন উদ্দেশ্য নিয়ে এসে থাকলে নিয়ত পরিবর্তন করে আত্মশুদ্ধির জন্য প্রস্তুতি গ্রহণ করুন।

তিনি আরও বলেন, যারা চরমোনাই মাহফিলে নতুন এসেছেন, তারা অন্তর থেকে দুনিয়ার ধ্যান-খেয়াল দূর করে আখেরাতের চিন্তা ধারণ করুন।

উদ্বোধনী অধিবেশনে শায়খে চরমোনাই মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম বলেন, রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠার আগে প্রত্যেককে নিজ নিজ ব্যক্তিজীবনে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে। ইসলামের ফরজ বিধানগুলো প্রথমে ব্যক্তিগত জীবনে যথাযথভাবে পালন ও প্রতিষ্ঠা করতে হবে। বিশেষ করে পর্দা ইসলামের একটি গুরুত্বপূর্ণ ফরজ বিধান। ব্যক্তি, পরিবার, সমাজ থেকে শুরু করে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত পর্দার বিধান লঙ্ঘনের কোনো সুযোগ নেই। প্রত্যেক মুসলমানকে নিজ নিজ অবস্থান থেকে এ বিধান মেনে চলতে হবে। ব্যক্তিজীবনে ইসলামের বিধান প্রতিষ্ঠিত হলে সমাজ ও রাষ্ট্রে দ্বীন প্রতিষ্ঠার পথ আরও ত্বরান্বিত হবে।

তিনি আরও বলেন, ইসলাম শুধু ব্যক্তিগত ইবাদতের মধ্যে সীমাবদ্ধ নয়; বরং ব্যক্তিজীবন থেকে শুরু করে সামাজিক ও রাষ্ট্রীয় জীবনের প্রতিটি ক্ষেত্রে ইসলামের বিধান বাস্তবায়ন করতে হবে।

পীর সাহেব চরমোনাই তাঁর উদ্বোধনী বয়ান শেষে মাহফিলের নিয়ম-কানুন, আদব ও শৃঙ্খলা সম্পর্কে মুসল্লিদের বিস্তারিত দিকনির্দেশনা দেন।

তিন দিনব্যাপী এ মাহফিলে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ধর্মপ্রাণ মুসল্লিদের পাশাপাশি দেশের শীর্ষস্থানীয় পীর-মাশায়েখ, ওলামায়ে কেরাম ও বিশিষ্ট ইসলামী ব্যক্তিত্বরা বয়ান পেশ করবেন। মাহফিলের নির্ধারিত সাতটি মূল বয়ানের মধ্যে আমীরুল মুজাহিদীন আলহাজ্ব হযরত মাওলানা মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (পীর সাহেব চরমোনাই) পাঁচটি এবং নায়েবে আমীরুল মুজাহিদীন আলহাজ্ব হযরত মাওলানা মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম (শায়খে চরমোনাই) দুটি বয়ান পেশ করবেন।

এ ছাড়া মাহফিলকে কেন্দ্র করে বিভিন্ন ইসলামী ও সামাজিক সংগঠনের উদ্যোগে বিশেষ সম্মেলন, মতবিনিময় সভা ও প্রশিক্ষণমূলক কার্যক্রম অনুষ্ঠিত হবে।

আগামী ৩০ নভেম্বর সোমবার ভোরে পীর সাহেব চরমোনাইর আখেরি মোনাজাতের মধ্য দিয়ে তিন দিনব্যাপী এ ঐতিহাসিক মাহফিলের কার্যক্রম শেষ হবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন