কাঁঠালিয়ায় অগ্নিকাণ্ডে পুড়ল ১২ দোকান, কোটি টাকার ক্ষতি

কাঁঠালিয়ায় অগ্নিকাণ্ডে পুড়ল ১২ দোকান, কোটি টাকার ক্ষতি

ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার কৈখালী বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১২টি ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে গেছে। এতে ব্যবসায়ীদের প্রায় কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্তরা। আগুন নেভাতে গিয়ে তিনজন আহত হয়েছেন।

বিজ্ঞাপন

শুক্রবার ভোর ৪টার দিকে কৈখালী বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে কাঁঠালিয়া ও পার্শ্ববর্তী ভান্ডারিয়া উপজেলার ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এর আগেই ১২টি ব্যবসাপ্রতিষ্ঠান ও দুটি গুদামঘর পুড়ে যায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, বাজারের ফিরোজের কসমেটিকসের দোকান থেকে আগুনের সূত্রপাত হয় এবং মুহূর্তের মধ্যে আগুন পাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

আগুনে ক্ষতিগ্রস্ত ব্যবসাপ্রতিষ্ঠানের মধ্যে রয়েছে—কসমেটিকসের দোকান, ইলেকট্রনিকস, মুদি দোকান, গুদামঘর, অপটিক্যাল ফাইবারের অফিস, বেকারি, টিভি সার্ভিসিং সেন্টারসহ আরো কয়েকটি প্রতিষ্ঠান।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, আগুনে দোকানের মালামাল ও নগদ অর্থসহ তাদের প্রায় কোটি টাকার ক্ষতি হয়েছে।

অগ্নিকাণ্ডের খবর পেয়ে কাঁঠালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মকবুল হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় তিনি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের আর্থিক সহায়তা এবং ঘর পুনর্নির্মাণের জন্য ঢেউটিন দেওয়ার আশ্বাস দেন।

কাঁঠালিয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. খলিলুর রহমান বলেন, ‘ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো পুরোপুরি নির্ধারণ করা যায়নি।’

এমই

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন