‘পেশিশক্তির রাজনীতি করলে মানুষ তাদের প্রত্যাখ্যান করবে’

‘পেশিশক্তির রাজনীতি করলে মানুষ তাদের প্রত্যাখ্যান করবে’

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের সংগঠক আসাদ বিন রনি বলেছেন, স্বাধীনতার ৫৪ বছরে বাংলাদেশে পেশিশক্তির রাজনৈতিক চর্চা হয়েছে। জুলাইয়ের অভ্যুত্থানের মধ্যে দিয়ে মানুষ পেশিশক্তির রাজনীতি প্রত্যাখ্যান করেছে। সামনের দিনগুলোতে যারা পেশিশক্তির রাজনীতি চালু করবেন, দেশের মানুষ তাদের প্রত্যাখ্যান করবে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার বরিশাল নগরীর একটি রেস্তোরাঁয় এনসিপির বরিশাল জেলা সমন্বয় কমিটির পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আসাদ বিন রনি আরো বলেন, আমরা লক্ষ করছি একটি রাজনৈতিক সংগঠন আগের মতো সারাদেশে হত্যার রাজনীতি শুরু করেছে। তারা নিজের দলসহ অন্য দলের শতাধিক হত্যাকাণ্ড সংঘটিত করেছে। এমনকি নারায়ণগঞ্জে এক ছাত্রলীগ নেতাকে ছাড়িয়ে নিতে গুলি করে এক নিরীহ লোককে হত্যা করেছে। এক মাদরাসা ছাত্রকেও তারা গুলি করে হত্যা করেছে। এই হত্যার রাজনীতি আমরা চাই না বলেই জুলাইয়ের অভ্যুত্থান হয়েছিল।

এনসিপি নেতা বলেন, আমরা যদি হত্যার রাজনীতিতে ফিরে যাই, তাহলে হাজারো শহীদের রক্তের সঙ্গে বেঈমানি করা হবে। নাগরিক পার্টি মানুষের জীবনমান উন্নয়ন, কল্যাণ রাষ্ট্র গঠন ও নীতির রাজনীতি করতে চায়। সেই রাজনৈতিক বার্তা নিয়েই পাড়া-মহল্লায় এনসিপির নেতাকর্মীরা যাচ্ছেন। মানুষ যে পেশিশক্তির রাজনীতি চায় না, আগামী নির্বাচনে ব্যালটের মাধ্যমেই মানুষ তা দেখিয়ে দেবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন