বাংলাদেশ ডেন্টাল সোসাইটির সভাপতি ও বিএমডিসির নির্বাহী কমিটির সদস্য প্রফেসর ড. পরিমল চন্দ্র মল্লিক বলেছেন, স্বাস্থ্যসেবার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ মুখ ও দাঁতের চিকিৎসাসেবা। একটি উপজেলায় আজও প্রায় পাঁচ লাখ মানুষের মুখ ও দাঁতের চিকিৎসাসেবা দানের জন্য মাত্র একজন সরকারি ডেন্টাল সার্জন আছেন। শুধু উপজেলায় নয়, জেলা সদরের অবস্থাও করুণ।
গত শুক্রবার রাতে বরিশাল ক্লাব মিলনায়তনে ডেন্টাল সার্জনস অ্যাসোসিয়েশনের বরিশাল শাখার বৈজ্ঞানিক সেমিনার ও বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, উপজেলা ও জেলা সদরে একজন করে ডেন্টাল সার্জন থাকায় এ চিকিৎসাসেবার সঙ্গে জড়িত ডেন্টাল সার্জনরা দীর্ঘদিন ধরে উপেক্ষিত ও বৈষম্যের শিকার হয়ে আসছেন।
মানসম্পন্ন চিকিৎসাসেবার বিষয়ে ড. পরিমল চন্দ্র মল্লিক বলেন, একদিকে যেমন দেশের প্রান্তিক দরিদ্র জনগোষ্ঠী মানসম্পন্ন চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছে, অন্যদিকে প্রতি বছর সরকারি ও বেসরকারি ডেন্টাল কলেজ থেকে পাস করা আট শতাধিক মেধাবী ডেন্টাল সার্জন বেকারত্বের হতাশায় নিমজ্জিত হচ্ছেন। এ সংকট নিরসন এবং দেশের জনসাধারণের জন্য মানসম্পন্ন মুখ ও দাঁতের চিকিৎসাসেবা নিশ্চিত করতে সরকারকে এগিয়ে আসতে হবে।
বরিশাল ডেন্টাল সার্জনস অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. এসএম জাকির হোসেনের সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথি ছিলেন বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. মো. ফয়জুল বাশার, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার ডা. একেএম কবির আহমেদ রিয়াজসহ অনেকে। সেমিনারে কয়েকশ ডেন্টাল সার্জন উপস্থিত ছিলেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

