পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্রসৈকতে বিরল প্রজাতির একটি মৃত সামুদ্রিক ‘ইউনিকর্ন লেদারজ্যাকেট’ বা ‘ফাইলফিশ’ ভেসে এসেছে। স্থানীয়ভাবে মাছটি ‘জ্যাকেট মাছ’ এবং কিছু এলাকায় ‘পটকা মাছ’ নামে পরিচিত।
রোববার (১৯ জুলাই) শেষ বিকেলে কুয়াকাটার চর গঙ্গামতি সৈকতে মাছটি দেখতে পান আব্দুল জলিল নামে এক ব্যক্তি। পরে খবর ছড়িয়ে পড়লে স্থানীয় বাসিন্দা ও পর্যটকদের মধ্যে কৌতূহলের সৃষ্টি হয় এবং অনেকে মাছটি দেখতে ভিড় করেন।
আব্দুল জলিল জানান, মোটরসাইকেলে করে চর গঙ্গামতি এলাকায় যাওয়ার সময় সমুদ্রতীরে বালুর ওপর অদ্ভুত আকৃতির একটি মৃত মাছ পড়ে থাকতে দেখেন। ধারণা করা হচ্ছে, রাতের জোয়ারের পানিতে মাছটি সৈকতে ভেসে এসেছে।
স্থানীয় পর্যটন ও পরিবেশকর্মী কে এম বাচ্চু বলেন, ‘সম্ভবত রাতের জোয়ারের পানিতে মাছটি ভেসে এসেছে। আমাদের এলাকায় এর আগে এ ধরনের মাছ দেখা যায়নি। বিষয়টি সত্যিই ব্যতিক্রমী।’
বিশেষজ্ঞদের মতে, ফাইলফিশের শরীর চ্যাপ্টা এবং চামড়া খসখসে ও চামড়ার জ্যাকেটের মতো শক্ত হওয়ায় এর নাম ‘লেদারজ্যাকেট’। এর বৈজ্ঞানিক নাম আলুটেরাস মোনোসেরাস। এ মাছের মাথার ওপর একটি ছোট ও পাতলা কাঁটা থাকে। এগুলো মূলত গভীর সমুদ্রে বসবাস করে এবং শৈবাল, স্পঞ্জ, জেলিফিশ, ছোট ক্রাস্টেশিয়ান, চিংড়ি, শামুক ও অন্যান্য তলদেশীয় অমেরুদণ্ডী প্রাণী খেয়ে বেঁচে থাকে।
ব্লু-অ্যাকশন ফান্ডের অর্থায়নে পরিচালিত ডাব্লিউসিএস ও ওয়ার্ল্ডফিশের সমন্বয়ে বাস্তবায়িত ‘সুস্থ সাগর’ প্রকল্পের গবেষণা সহকারী মো. বখতিয়ার রহমান বলেন, ‘এটি ইউনিকর্ন লেদারজ্যাকেট বা ফাইলফিশ। এটি গভীর সমুদ্রের মাছ। পরিবেশগত পরিবর্তন, ঝড়ো আবহাওয়া, স্রোতের পরিবর্তন বা অসুস্থতার কারণে মাঝেমধ্যে এ ধরনের মাছ উপকূলে মৃত অবস্থায় ভেসে আসতে পারে। তবে এমন ঘটনা খুবই বিরল।’
কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, মাছটি ফাইলফিশ প্রজাতির বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। উপকূলে বিরল সামুদ্রিক প্রাণী ভেসে এলে তা সংরক্ষণ ও গবেষণার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা জরুরি।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

