ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও বরিশাল বিভাগীয় যুব পরিচালক ইয়াসির আরাফাত বলেছেন, “শেখ মুজিব যুবকদের দিয়ে রক্ষী বাহিনী তৈরি করেছিলেন। আর বর্তমান সরকার যুবকদের দিয়ে দলীয় ক্যাডার বাহিনী তৈরি করছেন। যাদের দিয়ে টেন্ডারবাজি, লুটতরাজ, দখলসহ দেশের নৈরাজ্যে ব্যবহার করা হচ্ছে।”
শনিবার ভোলা জেলা পরিষদ মিলনায়তনে জামায়াতে ইসলামী ভোলা জেলা যুব বিভাগের আয়োজনে এক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, “তাদের পরিচয় দলীয় ক্যাডার। তাদের পরিচয় চাঁদাবাজ। তাদের পরিচয় টেন্ডারবাজ। বাংলাদেশের যুবকদের প্রশিক্ষণের জন্য এবং যুবকদের প্রতিষ্ঠিত করার জন্য কোটি কোটি টাকা বরাদ্দ হয়। যার এক পারসেন্ট টাকাও যুবকদের কাজে লাগে না। আমার দেশের যুবকরা বেকার হয়ে পড়ে আছে।”
ইয়াসির আরাফাত বলেন, “বাংলাদেশ জামায়াতে ইসলামীর যুব বিভাগ যুবকদের বাংলাদেশের সম্পদে পরিণত করতে চায়। যুবকদের দিয়েই আগামীর বাংলাদেশ করতে চায়। ২৪-এর গণঅভ্যুত্থান যুবকরাই করেছিলেন। তার ধারাবাহিকতা বাংলাদেশ জামায়াতে ইসলামী ধরে রাখতে চায়।”
সম্মেলনে ভোলা জেলার যুব বিভাগের সভাপতি অধ্যাপক আমির হোসেন সভাপতিত্ব করেন।
এতে বিশেষ অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর ভোলা জেলা আমির মাস্টার জাকির হোসাইন, নায়েবে আমির অধ্যক্ষ নজরুল ইসলাম, জেলা সেক্রেটারি কাজী হারুনুর রশিদ, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির সেক্রেটারি নিজামুল হক নাঈম এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আইনজীবী অ্যাডভোকেট পারভেজ হোসেন।
এ ছাড়া বক্তব্য দেন অধ্যক্ষ আব্বাস উদ্দিন, জামাল উদ্দিন, কামাল হোসেনসহ স্থানীয় নেতৃবৃন্দ। সম্মেলনে ভোলা জেলার যুব বিভাগের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
সম্মেলন শেষে শহরে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। এতে যুব বিভাগের নেতাকর্মীরা অংশ নেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

