আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ফেসবুক পোস্ট সমালোচনার ঝড়

আ.লীগ নেতাকে চেয়ারম্যান হিসেবে দেখতে চান শ্রমিক দল নেতা

উপজেলা প্রতিনিধি, (বাবুগঞ্জ) বরিশাল

আ.লীগ নেতাকে চেয়ারম্যান হিসেবে দেখতে চান শ্রমিক দল নেতা

বরিশালের বাবুগঞ্জ উপজেলার কেদারপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সদস্য মো. নুরে আলম বেপারীকে পুনরায় চেয়ারম্যান প্রার্থী হিসেবে দেখতে চেয়ে এক শ্রমিক দল নেতার ফেসবুক পোস্ট ঘিরে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।

জানা যায়, বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের কেদারপুর ইউনিয়ন শাখার আহ্বায়ক জাহিদুল ইসলাম অপু তার ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়ে একটি পোস্ট করেন। ওই পোস্টে তিনি আওয়ামী লীগ নেতা নুরে আলম বেপারীকে কেদারপুর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হিসেবে দেখতে চান বলে উল্লেখ করেন।

বিজ্ঞাপন

অনুসন্ধানে দেখা গেছে, পোস্টটির সঙ্গে একটি ফটোকার্ড সংযুক্ত ছিল, যেখানে নুরে আলম বেপারীর ছবি ব্যবহার করে ২ নম্বর কেদারপুর ইউনিয়নবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানানো হয়।

এ বিষয়ে বাবুগঞ্জ উপজেলা শ্রমিক দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান মিন্টু বলেন, এটি জাতীয়তাবাদী আদর্শের পরিপন্থী। অভিযোগের সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

উপজেলা শ্রমিক দলের সভাপতি ফরিদ হোসেন বলেন, কোনো পদধারী নেতা এ ধরনের মন্তব্য বা ফেসবুক পোস্ট দিতে পারেন না। এটি দলীয় শৃঙ্খলার পরিপন্থী। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

অন্যদিকে, এ বিষয়ে বক্তব্য জানতে জাহিদুল ইসলাম অপুর সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।

এদিকে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের একাধিক নেতা বলেন, একজন পদধারী নেতা প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দলের নেতার পক্ষে এ ধরনের পোস্ট দিতে পারেন না। তারা দ্রুত সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

ঘটনাটি নিয়ে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন