ভোলায় ফের বাস ধর্মঘট, অন্যান্য যানবাহন চলাচলেও বাধা

ভোলায় ফের বাস ধর্মঘট, অন্যান্য যানবাহন চলাচলেও বাধা

ভোলায় বাস-সিএনজি শ্রমিকদের মধ্যে ফের মারামারির ঘটনায় অনির্দিষ্টকালের ধর্মঘট ডেকেছে বাস মালিক সমিতি। এ সময় ভোলা বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল বাস টার্মিনালে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করে তারা। বাস শ্রমিকরা ভোলা-চরফ্যাশন মহাসড়ক অবরোধ করে সিএনজিসহ অন্যান্য যানবাহন ও চলাচলও বন্ধ করে দেয়। এ নিয়ে ব্যাপক উত্তেজনা চলছে। এতে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

বিজ্ঞাপন

সোমবার (৫ মে) সকাল থেকে এ ধর্মঘট শুরু হয়। গতকাল বিকালে দৌলতখান থেকে ছেড়ে আসা হাজি এন্টারপ্রাইজ বাসের সঙ্গে ভোলার উপশহর বাংলাবাজারে দাঁড়িয়ে থাকা একটি সিএনজির ধাক্কা লাগে। এ নিয়ে সেখানে সিএনজি চালক ও বাস শ্রমিকদের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে হাতাহাতি ও মারধরের ঘটনা ঘটে।

বাস শ্রমিক ইউনিয়নের সভাপতি মিজানুর রহমান জানান, সিএনজির সঙ্গে ধাক্কা লাগার ঘটনাকে কেন্দ্র করে কয়েকজন সিএনজি চালক বাসচালক জাকির হোসেনকে মারধর করেন। এর পরিপ্রেক্ষিতে বাস শ্রমিকরা মহাসড়কে সিএনজি চলাচল নিষিদ্ধ চেয়ে অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দেয়।

এদিকে সিএনজি চালকদের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো কর্মসূচি না দিলেও তারা বলছেন, বাস মালিক সমিতির লোকজন ও বাস শ্রমিকরা প্রায়ই আমাদের সঙ্গে ঝামেলা করে। মহাসড়কে সিএনজি চলাচল নিষিদ্ধের দাবি একেবারেই অযৌক্তিক। সিএনজি চালকদের দমিয়ে রাখতেই ধর্মঘটের ডাক দিয়েছেন তারা।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন