প্রবাসীর বাড়িতে অস্ত্রের মুখে জিম্মি করে লুটপাট, বাধা দেওয়ায় গুলিবিদ্ধ ১

প্রবাসীর বাড়িতে অস্ত্রের মুখে জিম্মি করে লুটপাট, বাধা দেওয়ায় গুলিবিদ্ধ ১

পটুয়াখালীর কলাপাড়ায় মালয়েশিয়া প্রবাসী এক ব্যক্তির বাড়িতে অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে সশস্ত্র লুটের ঘটনা ঘটেছে। এ সময় বাধা দিতে গিয়ে প্রবাসীর ছেলে নাইম (২২) গুলিবিদ্ধ হয়েছেন। পরিবারের নারী ও শিশুসহ চারজনকে জিম্মি করে মারধর এবং স্বর্ণালংকার, নগদ টাকা ও মোবাইল ফোন লুট করে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে।

বিজ্ঞাপন

শুক্রবার (১৪ আগস্ট) ভোররাত আনুমানিক ৩টার দিকে উপজেলার টিয়াখালী ইউনিয়নের পশ্চিম বাদুরতলী গ্রামে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী পরিবারের দাবি, ৫ থেকে ৬ জন দুর্বৃত্ত বাড়িতে প্রবেশ করে লুটপাট চালায়। তাদের সঙ্গে আরও কয়েকজন বাইরে অবস্থান করছিল।

ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, রাতের খাবার শেষে পরিবারের সদস্যরা ঘুমিয়ে পড়েন। রাত আড়াইটা থেকে ৩টার মধ্যে বাড়ির দক্ষিণ পাশের জানালার গ্রিল কেটে দুর্বৃত্তরা ঘরে প্রবেশ করে। পরে প্রবাসী মাহিনের স্ত্রী রুমা বেগম (৪০), পুত্রবধূ রেজবি (১৮), ছেলে নাইম (২২) ও দুই বছর বয়সী শিশু তাসফিরকে জিম্মি করা হয়।

পরিবারের অভিযোগ, দুর্বৃত্তরা তাদের হাত-পা বেঁধে মারধর করে। একপর্যায়ে পুত্রবধূ রেজবিকে ধর্ষণের চেষ্টা করা হলে নাইম বাধা দেন। এতে ক্ষিপ্ত হয়ে দুর্বৃত্তরা তার হাঁটুর ওপর পায়ে গুলি করে বলে পরিবারের সদস্যরা জানান।

পরে দুই বছর বয়সী শিশু তাসফিরের মাথায় পিস্তল ঠেকিয়ে ভয় দেখিয়ে পরিবারের কাছ থেকে প্রায় ২৫ ভরি স্বর্ণালংকার, প্রায় ২ লাখ টাকা ও একটি আইফোন নিয়ে যায় দুর্বৃত্তরা।

ঘটনার প্রায় এক ঘণ্টা পর স্থানীয়রা বিষয়টি জানতে পেরে পরিবারের সদস্যদের উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে নাইমসহ আহতদের উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ভুক্তভোগী রুমা বেগম বলেন, ‘আমার স্বামী বর্তমানে মালয়েশিয়ায় অবস্থান করছেন। রাতে আমরা সবাই ঘুমিয়ে পড়েছিলাম। হঠাৎ দুর্বৃত্তরা জানালার গ্রিল কেটে ঘরে ঢুকে আমাদের মারধর ও হাত-পা বেঁধে ফেলে। পরে তারা আমার পুত্রবধূকে ধর্ষণের চেষ্টা করলে আমার ছেলে বাধা দেয়। তখন তাকে গুলি করে।’

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, ‘ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।’

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন