মির্জাগঞ্জে বেড়েরধন নদীর ওপর চত্রা সেতুর সংযোগ সড়কের মাঝখানে বিদ্যুতের খুঁটিটি সরানো হয়েছে। বুধবার বিকালে খুঁটিটি সড়কের পাশে স্থানান্তর করা হয়েছে। বিষয়টি নিয়ে এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে।
এর আগে গত ১৬ মে সেতুর সংযোগ সড়কে বৈদ্যুতিক খুঁটি রেখে চলছে কার্পেটিং শিরোনামে আমার দেশ একটি সংবাদ প্রকাশ করে। সংবাদটি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে আসে।
মির্জাগঞ্জ উপজেলা প্রকৌশলী চন্দন কুমার বিশ্বাস খুঁটি সরিয়ে নেওয়ার বিষয় আমার দেশকে নিশ্চিত করেন।
দেউলী সুবিদখালী ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য মামুন হাওলাদার বলেন, সড়কের মধ্যে বৈদ্যুতিক খুঁটি রেখে কাজ চলছিল। এলাকাবাসী খুঁটিটি সরানোর জন্য কর্তৃপক্ষকে বারবার তাগিদ দিলেও কেউ কোনো কর্ণপাত করেনি। পরে বিষয়টি নিয়ে আমার দেশ পত্রিকায় একটি সংবাদ প্রকাশিত হয়। এরপর বুধবার বিকালে খুঁটিটি সরানো হয়।
এ বিষয়ে মির্জাগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির সাব–জোনাল অফিসের সহকারী জেনারেল ম্যানেজার (এজিএম) পলক সাহা আমার দেশকে বলেন, ঠিকদারের পক্ষ থেকে টাকা জমা দেওয়ার পর বুধবার বিকালে খুঁটিটি সড়কের পাশে স্থানান্তর করা হয়েছে। সেতু দিয়ে যানবাহন চলাচলে এখন আর কোনো ভোগান্তি হবে না।
উপজেলার বিভিন্ন সড়কে এভাবে প্রায় আরো ৪০টি বৈদ্যুতিক খুঁটি রয়েছে। পর্যায়ক্রমে সে খুঁটিগুলোও সরানো হবে।
জানা গেছে, ২০২১-২২ অর্থবছরে জাইকার অর্থায়নে মির্জাগঞ্জ উপজেলা প্রকৌশল অধিদপ্তর সেতুটি নির্মাণের কাজ শুরু করে। সেতুর কাজ বাস্তবায়নের দায়িত্ব পান এনায়েত এন্টারপ্রাইজ।
সেতু ও সংযোগ সড়ক নির্মাণের মোট ব্যয় নির্ধারণ করা হয় ৬ কোটি ৩২ লাখ ৯৩ হাজার ৪৩৭ টাকা। সেতুর পূর্ব পাড়ে মির্জাগঞ্জ অংশে সংযোগ সড়কের মাঝখানে পল্লী বিদ্যুতের একটি খুঁটি ছিল। এলাকাবাসী খুঁটিটি সরানো নিয়ে দুশ্চিন্তায় ছিলেন। বুধবার বিকালে এলজিইডি ও পল্লী বিদ্যুতের সমন্বয়ে খুঁটিটি সরানো হয়েছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

