শিক্ষা জাতীয়করণ ছাড়া বিকল্প কোনো দাবি নেই: প্রিন্সিপাল আজিজী

শিক্ষা জাতীয়করণ ছাড়া বিকল্প কোনো দাবি নেই: প্রিন্সিপাল আজিজী

বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক কর্মচারী ফোরামের সভাপতি প্রিন্সিপাল দেলাওয়ার হোসেন আজিজী বলেছেন, শিক্ষা জাতীয়করণই তাঁদের এক দফা দাবি। এ দাবি ছাড়া তাদের আর কোনো বিকল্প দাবি নেই। একই সঙ্গে বেসরকারি স্কুল-কলেজের সঙ্গে মাদ্রাসার বৈষম্য দূর করা, এমপিওভুক্ত ও ইবতেদায়ি মাদ্রাসা জাতীয়করণসহ শিক্ষকদের বিভিন্ন সুযোগ-সুবিধা নিশ্চিত করার দাবি জানান তিনি।

বিজ্ঞাপন

শনিবার ভোলা শিল্পকলা একাডেমিতে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক কর্মচারী ফোরাম, ভোলা জেলা শাখার আয়োজনে অনুষ্ঠিত মাদ্রাসা শিক্ষকদের জেলা সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রিন্সিপাল দেলাওয়ার হোসেন আজিজী বলেন, “আমাদের এক দফা দাবি—শিক্ষা জাতীয়করণ। এছাড়া আর বিকল্প দাবি আমাদের নেই।”

তিনি বলেন, বেসরকারি স্কুল-কলেজের সঙ্গে মাদ্রাসার বৈষম্য দূর করতে হবে। এ ক্ষেত্রে এমপিওভুক্ত মাদ্রাসা ও ইবতেদায়ি মাদ্রাসা জাতীয়করণের পাশাপাশি ইবতেদায়ি শিক্ষার্থীদের উপবৃত্তি, মিড-ডে মিলসহ অন্যান্য সুযোগ-সুবিধা নিশ্চিত করতে হবে।

এ ছাড়া সরকারি নিয়ম অনুযায়ী শিক্ষকদের চিকিৎসা ভাতা, বাড়িভাড়া, উৎসব ভাতা ও শিক্ষা ভাতা প্রদানের দাবি জানান তিনি। পাশাপাশি বদলির জন্য আবেদনকারী প্রতিষ্ঠানপ্রধান, সরকারি প্রধানসহ সব শিক্ষকের দ্রুত বদলির আদেশ জারির ব্যবস্থা করার আহ্বান জানান।

বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক কর্মচারী ফোরামের ভোলা জেলা আহ্বায়ক প্রিন্সিপাল আবু জাফর মোহাম্মদ মাইনুদ্দিনের সভাপতিত্বে সম্মেলনে প্রধান বক্তা ছিলেন ফোরামের সাংগঠনিক সম্পাদক প্রিন্সিপাল মো. লোকমান হোসেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফোরামের বরিশাল জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মো. দেলোয়ার হোসেন, গাজীপুর জেলা সহসভাপতি প্রিন্সিপাল ড. মুহাম্মদ রুহুল আমিন আজাদী এবং নরসিংদী জেলা সাধারণ সম্পাদক প্রিন্সিপাল মো. জয়নাল আবেদিন।

ভোলা জেলা শাখার সদস্যসচিব প্রিন্সিপাল মো. শফিউল্লাহর সঞ্চালনায় সম্মেলনে ভোলা জেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য দেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন