চরফ্যাশনে ফাতেমা মতিন মহিলা কলেজের সহকারী অধ্যাপকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১১টায় চরফ্যাশন উপজেলা সদরে পেশাজীবি শিক্ষক নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এ মানববন্ধনে অংশগ্রহণ করেন।
মানববন্ধনে চরফ্যাশন সরকারি কলেজের শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক প্রভাষক আলাউদ্দিন বলেন, ফাতেমা মতিন মহিলা কলেজের প্রভাষক নূরউদ্দিনের উপর যে হামলা হয়েছে সেটি অত্যন্ত দুঃখজনক। জ্যেষ্ঠতা লঙ্গন করে ১৫ জনকে পেছনে ফেলে প্রভাষক মহিউদ্দিনকে ভারপ্রাপ্ত অধ্যক্ষ পদে বসানো সেটি সম্পূর্ণ অবৈধ। সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ নুরুদ্দিন আইনগতভাবে চ্যালেঞ্জ করার জন্য ঢাকা হাইকোর্টে রিট করেন। গত সোমবার রাতে আইনজীবীর সঙ্গে সাক্ষাৎ শেষে বাড়ি ফেরার পথে মহিউদ্দিন ও তার ছেলে ভাইসহ দলবল নিয়ে তার উপর ন্যাক্কারজনকভাবে হামলা চালায়। আমরা এই হামলার তীব্র নিন্দা প্রতিবাদ জানাই এবং আগামী সাত দিনের মধ্যে এই হামলার সুষ্ঠু বিচার চাই। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রভাষক জাকির, মাধ্যমিক শিক্ষক সমিতির নেতা হাবিব নেগাবান,মাদ্রাসা শিক্ষক সমিতির নেতা সাইফুদ্দীন মুইজ, প্রাথমিক শিক্ষক সমিতির নেতা মমিন ও হারুনর রশিদ প্রমুখ।
মানববন্ধন শেষে যথাযথ তদন্তের দাবিতে চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসনা শারমিন মিথির নিকট একটি স্মারকলিপি পেশ করেন।
এ প্রসঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা মিথি সাংবাদিকদের বলেন, শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে একটি স্মারকলিপি পেয়েছি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।
এদিকে অভিযুক্ত চরফ্যাশন ফাতেমা মতিন মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মহিউদ্দিন বাচ্চুর বক্তব্য নিতে একাধিকবার ফোন দেওয়া হলেও কল রিসিভ করেননি তিনি।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

