আগামী ডিসেম্বরের মধ্যে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন না করতে পারলে বর্তমান সরকার ইতিহাসে বিতর্কিত হয়ে থাকবে বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ।
সোমবার সদর উপজেলার চরবাড়িয়া ইউনিয়নের তালতলী বাজারে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদত বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
রহমাতুল্লাহ বলেন, দেশের প্রয়োজনে বিভিন্ন সময়ে অন্তর্বর্তী সরকার প্রতিষ্ঠিত হয়েছে। যখন মানুষ ভোটের অধিকার প্রয়োগ করতে না পারে বা ভোটের অধিকার প্রতিষ্ঠার শর্তে তত্ত্বাবধায়ক বা অন্তর্বর্তী সরকারের আবির্ভাব ঘটে। বিগত অন্তর্বর্তী সরকারগুলো যখন মানুষের ভোটের অধিকার পুনঃপ্রতিষ্ঠায় ভূমিকা পালন করেছে তারা কখনোই কোন দলের পক্ষে কাজ করেনি।
তিনি আরও বলেন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কেউ কেউ নানাভাবে দুই একটি দলের দলের পক্ষে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে কথা বলছেন। এতে করে নিরপেক্ষ নির্বাচন নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। তারা যদি ডিসেম্বরের মধ্যে গ্রহণযোগ্য নির্বাচন করতে ব্যর্থ হয় তাহলে বর্তমান সরকার ইতিহাসে বিতর্কিত হয়ে থাকবে।
তিনি বলেন, যারা জিয়া পরিবারকে ধ্বংস করে দিতে চেয়েছিল সেই পরিবারই ধ্বংস হয়ে গেছে। বিএনপি প্রতিহিংসার রাজনীতি করে না, প্রতিযোগিতামূলক রাজনীতির চর্চা করে।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপি নেতা হেমায়েত হোসেন মুরাদ, নাসির হাওলাদার, আনোয়ার হোসেন টিটু, আসিফ আল মামুন, ইলিয়াস আহমেদ, ওবায়দুল ইসলাম উজ্জল, রুহুল আমিন রুবেল প্রমুখ।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

