দক্ষতা ও প্রশিক্ষণ ছাড়া বিদেশে না যাওয়ার আহ্বান বরিশাল বিভাগীয় কমিশনারের

দক্ষতা ও প্রশিক্ষণ ছাড়া বিদেশে না যাওয়ার আহ্বান বরিশাল বিভাগীয় কমিশনারের

বিদেশে কর্মসংস্থানের মাধ্যমে দেশের অর্থনীতিতে প্রবাসীরা রেমিট্যান্স পাঠিয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখলেও বাংলাদেশি শ্রমিকদের দক্ষতা ও কর্মমান আরও উন্নত করা অত্যন্ত জরুরি বলে মন্তব্য করেছেন বরিশাল বিভাগীয় কমিশনার মো. খলিল আহমেদ।

বিজ্ঞাপন

তিনি বলেন, অদক্ষ ও অপ্রশিক্ষিত শ্রমিকদের বিদেশি ভাষা, আইন-কানুন ও কর্মপরিবেশ সম্পর্কে যথাযথ ধারণা না থাকায় তারা বিভিন্ন জটিলতার মুখে পড়েন, যার নেতিবাচক প্রভাব দক্ষ ও বৈধভাবে কর্মরত অন্যান্য শ্রমিকদের ওপরও পড়ে। তাই বিদেশ যাওয়ার আগে অভিবাসীদের সংশ্লিষ্ট দেশের ভাষা, আইন-কানুন ও সংস্কৃতি সম্পর্কে সম্যক জ্ঞান অর্জনের ওপর সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।

সোমবার বরিশাল কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) এবং মহিলা টিটিসি’র যৌথ উদ্যোগে আয়োজিত ‘নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়ন’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বরিশাল জেলা প্রশাসক মো. মামুন খন্দকারের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে বিভাগীয় কমিশনার আরও বলেন, বৈধ ও সঠিক প্রক্রিয়ায় বিদেশে যাওয়ার পর কোনো কর্মী বিপদে পড়লে তাকে সহায়তার নানা সুযোগ থাকে। এমনকি কোনো শ্রমিকের অনাকাঙ্ক্ষিত মৃত্যু হলে তার পরিবারকে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডসহ সরকারের পক্ষ থেকে বিভিন্ন আর্থিক সহায়তা দেওয়া হয়।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মো. মামুন খন্দকার বলেন, প্রতিবছর বিপুলসংখ্যক মানুষ কাজের উদ্দেশ্যে বিদেশে গেলেও তাদের একটি অংশ এখনও অবৈধ ও ঝুঁকিপূর্ণ পথ বেছে নেয়। অদক্ষ হয়ে বিদেশে গেলে যেমন ব্যক্তি ও তার পরিবার ক্ষতিগ্রস্ত হয়, তেমনি দেশের ভাবমূর্তিও ক্ষুণ্ন হয়। অনেকে জীবনের চরম ঝুঁকি নিয়ে অবৈধভাবে নৌপথে সাগর পাড়ি দিয়ে ইউরোপে প্রবেশের চেষ্টা করেন, যা অনেক সময় মর্মান্তিক পরিণতি ডেকে আনে। তিনি উল্লেখ করেন, দক্ষতার অভাবেই বর্তমানে মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন দেশে বাংলাদেশি শ্রমিকদের চাহিদা ক্রমান্বয়ে কমছে।

জেলা প্রশাসক আরো বলেন, নিরাপদ অভিবাসন ও দক্ষ জনশক্তি গড়ে তুলতে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রগুলোতে সরকারের বহুমুখী প্রকল্প চালু রয়েছে। এসব প্রকল্পের মাধ্যমে যুবসমাজকে বিভিন্ন পেশায় দক্ষ করে তোলা হচ্ছে।

সেমিনারে অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন—জেলা মৎস্য কর্মকর্তা ড. মো. হাদিউজ্জামান, বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরবি) বরিশালের উপপরিচালক মোহাম্মদ হান্নান মিয়া, বরিশাল কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ প্রকৌশলী মো. গোলাম কবির এবং মহিলা টিটিসি’র অধ্যক্ষ আহমেদ আল ইমরান প্রমুখ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন