আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

দশমিনায় আ. লীগ কার্যালয় উদ্বোধনের ৪ ঘণ্টা পর ভাঙচুর

বরিশাল অফিস ও দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি:

দশমিনায় আ. লীগ কার্যালয় উদ্বোধনের ৪ ঘণ্টা পর ভাঙচুর

প্রায় ১৮ মাস বন্ধ থাকার পর পটুয়াখালীর দশমিনা উপজেলা আওয়ামী লীগের স্থায়ী দলীয় কার্যালয় উদ্বোধনের সাড়ে চার ঘণ্টা পর পুনরায় ভাঙচুর ও তালা লাগিয়ে দিয়েছে উপজেলা ছাত্রদল ও যুবদলের একাংশের নেতা কর্মীরা।

দীর্ঘ দিন বন্ধ থাকার পর সোমবার সকাল সাড়ে ৭ টার দিকে দশমিনা সদর ইউনিয়নের নলখোলা বন্দরে আওয়ামী লগের কার্যালয় উদ্বোধন করে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। খবর পেয়ে বিএনপির একাংশের নেতাকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্বোধনের সাড়ে ৪ ঘণ্টা পর ওই অফিস ভাঙচুর করে তালা লাগিয়ে দেয়। এ নিয়ে ওই এলাকায় তীব্র উত্তেজনা বিরাজ করছে।

বিজ্ঞাপন

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, দশমিনা সদর ইউনিয়নের নলখোলা বন্দরে দলটির স্থায়ী কার্যালয়টি গত ২৪ এর ৫ আগস্টের পর বন্ধ ছিলো। তবে সোমবার সকাল ৭ টার দিকে উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মো. আরিফ হাওলাদার এবং দশমিনা সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মো. সোহাগ প্যাদার নেতৃত্বে অর্ধশতাধিক নেতাকর্মী ওই কার্যালয়ের তালা খুলে ভীতরে প্রবেশ করে নতুন করে সাজিয়ে তোলেন।

এসময় তারা কার্যালয় পরিষ্কার-পরিচ্ছন্ন করে দোয়া ও মোনাজাতের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করেন। উদ্বোধনের সময় উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। দীর্ঘদিন পর কার্যালয় চালু হওয়ায় নেতাকর্মীদের মধ্যে উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা গেলেও সাড়ে চার ঘণ্টা পর, বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা ছাত্রদল ও যুবদলের একাংশের অর্ধশতাধিক নেতাকর্মীরা ওই অফিসটি পুনরায় ভাঙচুর করে তালা দিয়ে বন্ধ করা হয়।

দশমিনা উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মামুন প্যাদা বলেন, “আমরা ৫ই আগস্টের পর থেকে যতটুক মামলা হামলার শিকার হয়েছি নির্বাচনের সময় থেকে এখন পর্যন্ত পুনরায় শান্তিতে আছি। যারা আজ আমাদের অফিস ভাংচুর করেছেন তারা তারা আওয়ামী লীগের দুষ্কৃতী ও স্বতন্ত্র প্রতিপক্ষ হাসান মামুনের লোকজন। স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীসহ জনমনে আতঙ্ক সৃষ্টি করার জন্যই এমনটা করা হয়েছে বলে মন্তব্য করেন তিনি।

নাম প্রকাশে অনিচ্ছুক এক স্থানীয় বিএনপি নেতা বলেন, “দীর্ঘদিন বন্ধ থাকার পর কার্যালয় পুনরায় চালু হয়েছে। কিন্তু চার ঘণ্টার মধ্যে পুনরায় ভাঙচুর হওয়া রাজনৈতিকভাবে উদ্বেগজনক। প্রশাসন কেন এ বিষয়ে

পদক্ষেপ নিল না, তা স্পষ্ট নয়। নির্বাচনের পর বিভিন্ন স্থানে আওয়ামী লীগের কার্যালয় পুনরায় চালুর ঘটনায় স্থানীয় জনগণের মধ্যে প্রশ্ন তৈরি হচ্ছে।

এ বিষয়ে দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু শাহাদাৎ মো. হাসনাইন পারভেজকে মুঠো ফোনে ফোন দিয়ে যোগাযোগের চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করতে রাজি হননি তিনি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন