আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে বরিশালের উজিরপুর উপজেলায় আইনশৃঙ্খলা রক্ষায় বাংলাদেশ সেনাবাহিনীর চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে পৃথক পৃথক অভিযান পরিচালনা করে ইয়াবা ট্যাবলেট ও গাঁজাসহ চিহ্নিত দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে।
আটককৃতরা হলেন- উজিরপুর উপজেলার শিকারপুর ইউনিয়নের বাসিন্দা মো. কাইয়ুম হাওলাদার (৩৮) ও মো. রিয়াজ (২৮)। আইনশৃঙ্খলা বাহিনীর সূত্রে জানা গেছে, তারা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত এবং নিজেরাও মাদকসেবী।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ১ ফেব্রুয়ারি ২০২৬, রবিবার দিবাগত রাত আনুমানিক ১টা ৩০ মিনিটে বাংলাদেশ সেনাবাহিনীর ৬ পদাতিক ব্রিগেডের অধীন ৬২ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের উজিরপুর আর্মি ক্যাম্পের একটি চৌকস দল উজিরপুর উপজেলার শিকারপুর ইউনিয়নের দুর্গাম এলাকায় এ বিশেষ অভিযান পরিচালনা করে।
রাত ১টা ৩০ মিনিটের সময় গাঁজাসহ মো. রিয়াজকে আটক করে পরে রাত ২ টা ৩০ মিনিটের সময় ইয়াবাসহ মো. কাইয়ুমকে আটক করা হয় বলে সেনাবাহিনী জানায়।
উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মো. রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃত মাদক কারবারিদের বিরুদ্ধে প্রচলিত আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
স্থানীয়দের মতে, আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে এমন অভিযান এলাকায় মাদক নিয়ন্ত্রণ ও সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

