কুয়াকাটায় জেলের জালে ২০ কেজির বিরল সামুদ্রিক শোল

কুয়াকাটায় জেলের জালে ২০ কেজির বিরল সামুদ্রিক শোল
স্থানীয়ভাবে মাছটি ‘মথু’ বা ‘দাঁতিনা সুরমা’ নামেও পরিচিত।

পটুয়াখালীর কুয়াকাটাসংলগ্ন বঙ্গোপসাগরে জেলের জালে ধরা পড়েছে ২০ কেজি ওজনের একটি বিশাল আকৃতির সামুদ্রিক শোল মাছ। স্থানীয়ভাবে মাছটি ‘মথু’ বা ‘দাঁতিনা সুরমা’ নামেও পরিচিত।

বিজ্ঞাপন

সোমবার সকালে মাছটি আলিপুর মৎস্য অবতরণ কেন্দ্রের মেসার্স ফাইভ স্টার ফিশ আড়তে নিয়ে আসেন ট্রলারের মাঝি রুহুল আমিন। পরে প্রতি কেজি ৭০০ টাকা দরে মোট ১৪ হাজার টাকায় মাছটি কিনে নেন স্থানীয় মৎস্য ব্যবসায়ী আব্দুর রহমান খান ও মো. সোহাগ আহমেদ।

ট্রলার মাঝি রুহুল আমিন জানান, বৈরী আবহাওয়া উপেক্ষা করে প্রায় ৯ দিন গভীর সমুদ্রে মাছ ধরার সময় অন্যান্য মাছের সঙ্গে জালে উঠে আসে বিশাল আকৃতির সামুদ্রিক শোল মাছটি। ভালো দামে বিক্রি করতে পেরে তিনি ও তার সহকর্মীরা খুশি।

মাছটির ক্রেতা আব্দুর রহমান খান ও মো. সোহাগ আহমেদ বলেন, এত বড় আকৃতির সামুদ্রিক শোল সচরাচর ধরা পড়ে না। তাই মাছটি যৌথভাবে কিনে নিজেদের মধ্যে ভাগ করে নিয়েছেন।

কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, সামুদ্রিক শোল গভীর সমুদ্রে বসবাসকারী একটি বিরল প্রজাতির মাছ। অনুকূল পরিবেশে এদের আকার অনেক বড় হতে পারে। এ ধরনের বড় মাছ ধরা পড়লে উপকূলের জেলেরা আর্থিকভাবে লাভবান হন।

জেডএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন