পটুয়াখালীর দুমকিতে বরিশাল-পটুয়াখালী মহাসড়কে মাইক্রোবাসের চাকায় পিষ্ট হয়ে পঞ্চাশোর্ধ্ব নারী আছিয়ার মর্মান্তিক মৃত্যু হয়েছে।
শুক্রবার (৪ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার লেবুখালী ইউনিয়নের আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্র সংলগ্ন পটুয়াখালী বরিশাল-মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার লেবুখালী ইউনিয়নের কার্তিকপাশা গ্রামের মৃত হারুন অর-রশীদের স্ত্রী আছিয়া লেবুখালীর পায়রা পয়েন্ট থেকে ১০ বছর বয়সী নাতিকে সঙ্গে নিয়ে বাড়ি ফিরছিলেন। পথে বরিশাল থেকে পটুয়াখালীগামী একটি মাইক্রোবাস মুহূর্তেই আছিয়াকে
চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই আছিয়ার মৃত্যু হয়।
দুমকি থানার ওসি জাকির হোসেন আমার দেশকে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। মাইক্রোবাসটি শনাক্তের কাজ চলছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

