আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

তদন্ত কমিটি গঠন

অ্যান্টিবায়োটিক ভেবে এনেসথেসিয়া পুশ, শেবাচিম হাসপাতালে দুই নারীর মৃত্যু

বরিশাল অফিস

অ্যান্টিবায়োটিক ভেবে এনেসথেসিয়া পুশ, শেবাচিম হাসপাতালে দুই নারীর মৃত্যু

বরিশালের শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে শরীর অবশ করার এনেসথেসিয়া ইনজেকশনকে অ্যান্টিবায়োটিক ভেবে পুশ করার ৫ মিনিটের মধ্যেই দুই নারী রোগীর মৃত্যুর অভিযোগ উঠেছে। মৃত্যুর ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষ তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছেন। পাশাপাশি অভিযুক্ত নার্সের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথাও জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ।

বিজ্ঞাপন

রোববার সকালে হাসপাতালের নাক, কান ও গলা (ইএনটি) বিভাগের ৪র্থ তলার ওয়ার্ডে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন পটুয়াখালীর কলাপাড়া উপজেলার ডাব্লুগঞ্জ গ্রামের বাসিন্দা সেফালী (৬০) এবং বরিশালের কাশিপুর এলাকার বাসিন্দা হেলেনা (৪৫)। তারা দু’জনই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

হাসপাতাল সূত্র জানায়, পটুয়াখালীর কলাপাড়া উপজেলার ডাব্লুগঞ্জ গ্রামের বাসিন্দা সেফালীর গালে টিউমার জাতীয় সিস্ট এবং নগরীর কাশিপুর এলাকার বাসিন্দা হেলেনার থাইরয়েড সমস্যার কারণে এক সপ্তাহ আগে হাসপাতালে ভর্তি হন। রোববার তাদের অপারেশন হওয়ার কথা ছিল। সকালে ওয়ার্ডের সিনিয়র স্টাফ নার্স মলিনা রানী হাওলাদার এন্টিবায়োটিক ওষুধ ভেবে তাদের শরীরে ভুলবশত নরকিউ (NorQ) নামের একটি এনেসথেসিয়া ইনজেকশন পুশ করেন বলে অভিযোগ পাওয়া গেছে ।

রোগীর স্বজনদের দাবি, ইনজেকশন দেওয়ার দুই থেকে পাঁচ মিনিটের মধ্যেই দু’জনের শারীরিক অবস্থার অবনতি ঘটে এবং তারা মারা যান। রোগীর মৃত্যুকে ধামাচাপা দিতে রোগীর উপর দ্বায় চাপানোর চেষ্ঠা করেন সংশ্লিষ্ঠ সেবিকারা। তবে ঘটনাটি তাৎক্ষনিক বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পরলে নিজেদের ত্বায় স্বীকার করে নেন অভিযুক্ত ওই সেবিকা মলিনা রানী হালদার।

মলিনা জানান, সারারাত ডিউটি করে সকালে কেন এমন ভুল করলেন তা তিনি নিজেও বুঝে উঠতে পারছেন না। তবে হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টিকে ছোটখাটো ভুল বলতে নারাজ।

ঘটনার বিষয়ে হাসপাতালের পরিচালক এ কে এম মশিউল মুনীর জানান, নিহত দুই রোগীর ওই দিনই অস্ত্রোপচার হওয়ার কথা ছিল। প্রাথমিকভাবে দায়িত্বে থাকা নার্সদের অবহেলার বিষয়টি সামনে এসেছে। বিষয়টি খতিয়ে দেখতে ইতোমধ্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

তিনি আরও জানান, ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে ওই বিভাগের সহকারী অধ্যাপক ডা. আমিনুল হককে প্রধান করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত শেষে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

হাসপাতাল কর্তৃপক্ষ আরও জানায়, নিহতদের পরিবারের সদস্যরা চাইলে আইনগত পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রেও তাদের সহযোগিতা করা হবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন