আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

বরগুনা-১ জয়-পরাজয়ের বড় ফ্যাক্টর আ.লীগের ভোটাররা

জেলা প্রতিনিধি, বরগুনা

বরগুনা-১ জয়-পরাজয়ের বড় ফ্যাক্টর আ.লীগের ভোটাররা
ছবি: আমার দেশ

জাতীয় সংসদ নির্বাচনে বরগুনা-১ আসন (বরগুনা সদর, তালতলী ও আমতলী) ঘিরে জমে উঠেছে নির্বাচনি মাঠ। দীর্ঘদিন আওয়ামী লীগের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত এই আসন। এবারের নির্বাচনে আওয়ামী লীগ না থাকলেও ভোটের মাঠে রয়েছে এর প্রভাব। এছাড়া সংখ্যালঘু সম্প্রদায়ের ভোটাররাও জয়-পরাজয়ে বড় ফ্যাক্টর হয়ে উঠবেন।

স্থানীয় রাজনীতিবিদ, ভোটার এবং নাগরিক সমাজের প্রতিনিধিরা বলছেন, আওয়ামী লীগের সমর্থক ও সংখ্যালঘু সম্প্রদায়ের ভোট যার দিকে ঝুঁকবে, শেষ পর্যন্ত জয় তারই হবে। তবে এ দুই শ্রেণির ভোটারদের বেশির ভাগই মনোভাব প্রকাশ করছেন না। সামান্য ব্যবধানও ফল নির্ধারণে বড় ভূমিকা রাখতে পারে। মাঠের হিসাবে বিএনপি মনোনীত প্রার্থী নজরুল ইসলাম মোল্লার সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই হবে চরমোনাই পীরের প্রার্থী কেওড়াবুনিয়া দরবার শরিফের পীর মাওলানা মাহমুদুল হাসান অলিউল্লাহর।

বিজ্ঞাপন

বরগুনা-১ আসনে ১৯৯১ সালের নির্বাচনে আওয়ামী লীগের ধীরেন্দ্র দেবনাথ শম্ভু, ১৯৯৬ সালে বিএনপির আব্দুর রহমান খোকন, ১৯৯৬ সালে আওয়ামী লীগের ধীরেন্দ্র দেবনাথ শম্ভু, ২০০১ সালে স্বতন্ত্র প্রার্থী দেলওয়ার হোসেন, ২০০৮ ও ২০১৪ এবং ২০১৮ সালে আওয়ামী লীগের ধীরেন্দ্র দেবনাথ শম্ভু বিজয়ী হয়েছেন। ২০২৪ স্বতন্ত্র প্রার্থী গোলাম সরওয়ার টুকু বিজয়ী হন।

এবারের নির্বাচনে এই আসনে মোট চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাদের সবার বাড়ি বরগুনা সদরে। মাঠে মূল প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী নজরুল ইসলাম মোল্লা এবং জোটবিহীন চরমোনাই পীরের হাতপাখা প্রতীকের প্রার্থী কেওড়াবুনিয়া দরবার শরীফের পীর মাওলানা মাহমুদুল হাসান অলিউল্লাহ।

এর মধ্যে ১০ দলীয় জোটের প্রার্থী অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসাইন (দেয়াল ঘড়ি) এবং জাতীয় পার্টির (জেপি) প্রার্থী জামাল হোসাইন সাইকেল প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করলেও তাদের প্রচার ও জনসমর্থন তুলনামূলকভাবে কম বলে ভোটাররা মনে করছেন।

এ আসনে মোট ভোটার ৫ লাখ ১৯ হাজার ৪৫১ জন। এর মধ্যে পায়রা নদীর পূর্বপাড়ের আমতলী ও তালতলী উপজেলার ভোটারসংখ্যা ২ লাখ ৭১ হাজার ৮৬৮, যা বরগুনা সদর উপজেলার তুলনায় ২৪ হাজার বেশি। ফলে এ দুই উপজেলার ভোটই নির্বাচনের ফল নির্ধারণে বড় ভূমিকা রাখতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

ভোটারদের কাছে টানতে বেশ কৌশলী বিএনপি প্রার্থী নজরুল ইসলাম মোল্লা। তিনি নারী ও তরুণ ভোটারদের কাছে টানতে দলীয় নেতাকর্মীদের পাশাপাশি স্ত্রী লুবনা ইসলাম ও ছেলে উচ্ছ্বাস মোল্লাকে মাঠে নামিয়েছেন। স্ত্রী ও ছেলে জয় নিশ্চিত করতে গ্রামে গ্রামে ছুটছেন। ভোটারদের মন জয় করতে দিচ্ছেন নানান প্রতিশ্রুতি।

বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী নজরুল ইসলাম মোল্লা বলেন, ‘বরগুনা-১ আসনের মানুষ পরিবর্তন চায় । ধানের শীষের পক্ষে একটা অভূতপূর্ব সাড়া পাচ্ছি। আমি নির্বাচিত হলে এলাকার উন্নয়ন, কর্মসংস্থান ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় কাজ করব।’

ইসলামী আন্দোলনের মনোনীত হাত পাখা প্রতীকের প্রার্থী মাহমুদুল হোসাইন অলিউল্লাহ বলেন, ‘ভোটাররা এখন সৎ ও যোগ্য নেতৃত্ব চান । আমরা দলীয় ভোটের পাশাপাশি সব সম্প্রদায়ের ভোটারের সমর্থন চাই। আমি এমপি হলে সবাইকে নিয়ে একসঙ্গে কাজ করব।’

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...