বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী বলেছেন, “কোনো জাতিকে ধ্বংস করার জন্য রকেট বা বোমার প্রয়োজন হয় না, ওই জাতির শিক্ষাব্যবস্থা ধ্বংস করে দিলেই হয়।” তিনি দাবি করেন, বিগত সরকার দেশের শিক্ষাব্যবস্থাকে ক্ষতিগ্রস্ত করেছে।
সোমবার (৩ আগস্ট) সকাল ১১টায় পটুয়াখালী সরকারি কলেজের প্রফেসর’স লাউঞ্জে শিক্ষক ও কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আলতাফ হোসেন চৌধুরী বলেন, “শিক্ষাব্যবস্থার এই ধ্বংসস্তূপ থেকে উত্তরণে সবাইকে অনেক পরিশ্রম করতে হবে। শিক্ষক ও শিক্ষার্থীদের আদর্শ সম্পর্কের মধ্য দিয়েই একটি প্রতিষ্ঠান সুন্দর হয়ে ওঠে। পিতামাতার পরেই শিক্ষকের স্থান—এই বিষয়টি শিক্ষার্থীদের ধারণ করতে হবে।”
তিনি আরও বলেন, “পটুয়াখালী সরকারি কলেজের অবকাঠামোগত উন্নয়নের জন্য ইতিমধ্যে শিক্ষামন্ত্রীর কাছে চিঠি দেওয়া হয়েছে।”
কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ জসীম উদ্দিনের সভাপতিত্বে এবং প্রাণীবিদ্যা বিভাগের প্রভাষক মাহবুবা আখতারের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন কলেজ শিক্ষক পরিষদের সম্পাদক আলী হায়দার, সাবেক সম্পাদক শাকির হোসেন, ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক মুহাম্মদ ফরিদ হোসেন, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক জালাল উদ্দীন, জাতীয়তাবাদী ছাত্রদল কলেজ শাখার সহসভাপতি ছায়েম বিশ্বাস এবং ছাত্রশিবির কলেজ শাখার সভাপতি যোবায়ের হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাকসুদ আহমেদ বায়েজিদ পান্না, জেলা বিএনপি নেতা অ্যাডভোকেট তৌফিক আলী খান কবির, জেলা যুবদলের সিনিয়র সহসভাপতি সৈয়দ মোস্তাফিজুর রহমান রুমি এবং যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আল আমিন সুজন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

