পেয়ারা বাগানে ঘুরতে গিয়ে ট্রলার থেকে পড়ে কলেজছাত্রের মৃত্যু

পেয়ারা বাগানে ঘুরতে গিয়ে ট্রলার থেকে পড়ে কলেজছাত্রের মৃত্যু

বন্ধুদের সাথে আনন্দভ্রমনে ভাসমান পেয়ারা বাগানে গিয়ে ট্রলার থেকে পানিতে পরে মো. মুহিন সরদার (১৭) নামের এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে।

বিজ্ঞাপন

শনিবার (১৮ জুলাই) বিকেলে বরিশাল বিভাগের বিখ্যাত পর্যটন এলাকা ভাসমান পেয়ারার বাজার পিরোজপুরের স্বরূপকাঠীর আটঘর-কুড়িয়ানা ইউনিয়নের আদমকাঠি-কটুরাকাঠি খালে মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে।

মুহিন সরদার বরিশালের উজিরপুর উপজেলার গুঠিয়া আইডিয়াল কলেজের এইচএসসি প্রথম বর্ষের শিক্ষার্থী ও গুঠিয়া গ্রামের সৌদি প্রবাসী মনির সরদারের ছোট ছেলে । এ ঘটায় মুহিনের পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

মুহিনের সহপাঠীরা জানান, শনিবার বিকেলে তারা বন্ধুবান্ধব মিলে স্বরূপকাঠীর আটঘর-কুড়িয়ানার পেয়ারা বাগান দেখতে গিয়েছিলেন। তাদের ভাড়া করা চলন্ত ট্রলারের সামনের অংশে বসা ছিলো মুহিন। ট্রলারটি আদমকাঠি থেকে কটুরাকাঠি খাল অতিক্রমকালে মুহিন হঠাৎ ভারসাম্য হারিয়ে গভীর পানিতে পরে যায়। সাথে সাথেই ট্রলার থামিয়ে তার বন্ধুরা ও স্থানীয়রা মুহনিকে উদ্ধারের জন্য পানিতে নেমে খোঁজাখুঁজি শুরু করেন। বেশ কিছুক্ষণের চেষ্টায় তাকে পানি থেকে মুহিনকে উদ্ধার করে দ্রুত নেছারাবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। ফলে আনন্দভ্রমণ মুহূর্তের মধ্যেই বন্ধুদের কান্না আর বিষাদে রূপ নেয়।

রবিবার (১৯ জুলাই) দুপুরে তথ্যের সত্যতা নিশ্চিত করে নেছারাবাদ থানার ওসি মো. মেহেদী হাসান জানিয়েছেন, খবর পেয়ে তাৎক্ষনিক পুলিশ হাসপাতালে ছুটে যায়। খোঁজ নিয়ে জানা গেছে, পেয়ারা বাগান ভ্রমণে এসে অসাবধানতাবশত ট্রলার থেকে পানিতে পরে ওই তরুণের মৃত্যু হয়েছে। এ ব্যাপারে মৃতের পরিবারের কোন অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই রাতে তার মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।

অপরদিকে ছেলেকে হারিয়ে মুহিনের মায়ের কান্না ও আহাজারিতে হাসপাতালের পরিবেশ ভারী হয়ে উঠেছিলো। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মৃতের পারিবারিক সূত্রে জানা গেছে, মুহিনের বাবা মনির সরদার সৌদিআরব থেকে সোমবার (২০ জুলাই) দেশে ফেরার পর তার জানাজা ও দাফন সম্পন্ন করা হবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...