আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ইতিহাসের প্রথম স্পিকার পেল ভোলাবাসী, বিভিন্ন রাজনৈতিক দলের অভিনন্দন

ইউনুছ শরীফ ও আজিম উদ্দিন (ভোলা)

ইতিহাসের প্রথম স্পিকার পেল ভোলাবাসী, বিভিন্ন রাজনৈতিক দলের অভিনন্দন

বাংলাদেশ প্রতিষ্ঠার পর থেকে এই প্রথমবারের মতো ইতিহাসের প্রথম স্পিকার পেলেন ভোলাবাসী। আনন্দ আর উচ্ছ্বাসের শেষ নেই ভোলার মানুষের মধ্যে। অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমানকে।

ভোলা-৩ আসনের সংসদ সদস্য বিএনপির সাবেক মন্ত্রী ও স্থায়ী কমিটির সদস্য মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম স্পিকার নির্বাচিত হওয়ায় বাংলাদেশের ইতিহাসে ভিন্নমাত্রায় স্থান পেল ভোলা। বিএনপিসহ দল-মত নির্বিশেষে সকল রাজনৈতিক ও সাধারণ মানুষ আনন্দিত এবং উচ্ছ্বাসিত।

বিজ্ঞাপন

জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব গোলাম নবী আলমগীর বলেন, ভোলার মানুষ ইতিহাসের পাতায় নাম লিখাতে পারলো নতুন করে। বাংলাদেশ প্রতিষ্ঠার পর থেকে এ পর্যন্ত ভোলার কেউই জাতীয় সংসদের স্পিকার হওয়ার মত গৌরব অর্জন করতে পারে নাই। একজন স্বচ্ছ, দক্ষ, পরিচ্ছন্ন রাজনীতিবিদ হিসেবে আমরা মনে করি ভোলাসহ বাংলাদেশের মানুষ তার সংসদ পরিচালনায় উপকৃত হবে।

জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব রাইসুল আলম বলেন, “আমরা প্রথমে আল্লাহ শুকরিয়া আদায় করছি যে এ ধরনের একজন বলিষ্ঠ রাজনীতিবিদকে মাননীয় প্রধানমন্ত্রী স্পিকার নির্বাচিত করেছেন। ভোলার মানুষ এবং ভোলার সমস্যার সম্ভাবনা সবকিছুই তার মাধ্যমে সমাধান হবে এটাই আমরা কামনা করি। পাশাপাশি ভোলার বর্তমান পরিস্থিতিতে জাতীয় সংসদের স্পিকারই ভোলার প্রবীণ রাজনীতিবিদ। তিনি ভোলার রাজনীতির নেতৃত্ব দিবেন এটাও আমরা কামনা করছি।”

এদিকে মেজর হাফিজ উদ্দিন আহমেদ (বীর বিক্রম) জাতীয় সংসদের স্পিকার হওয়ায় বাংলাদেশ জামায়াতে ইসলামী ভোলা জেলার পক্ষ থেকে অভিনন্দন জানানো হয়েছে। অভিনন্দন বার্তায় জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা হারুনুর রশিদ বলেন, মেজর হাফিজ উদ্দিন আহমদের নিরপেক্ষ রাজনৈতিক ভূমিকা ও সংসদ পরিচালনার ক্ষেত্রে পুরো বাংলাদেশের মানুষ উপকৃত হবে এটাই আমরা কামনা করি। পাশাপাশি ভোলার ২০ লক্ষ মানুষের দুঃখ, দুর্দশা দূর করতে তার জায়গা থেকে বলিষ্ঠ ভূমিকা রাখবেন এটাও প্রত্যাশা করি। সর্বোপরি রাজনৈতিক সহমর্মিতার মাধ্যমে ভোলার রাজনৈতিক অঙ্গন সুদৃঢ় থাকবে বলে মনে করছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ভোলা জেলা।

জেলা বিজেপির সভাপতি আমিরুল ইসলাম রতন ও সাধারণ সম্পাদক মোতাসিন বিল্লাহ মেজর হাফিজ উদ্দিন আহমেদ স্পিকার নির্বাচিত হওয়ায় দলীয়ভাবে অভিনন্দন জানিয়েছেন। তারা বলেন, তার নেতৃত্বে ভোলায় রাজনীতি সহ-অবস্থান থাকবে এটাই আমরা প্রত্যাশা করি। ইতিহাসে তিনি নাম লেখাতে পেরেছেন ভোলাবাসী এজন্যই গর্বিত।

এদিকে আজ সন্ধ্যার পর লালমোহন বিএনপির পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছেন বিএনপি নেতৃবৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক, সম্পাদক সফিকুল ইসলাম বাবুল পাঞ্চায়েত, পৌর বিএনপির সভাপতি ছাদেক মিয়া জান্টু, পৌর সেক্রেটারি কামরুজ্জামান বাবুল পাটোয়ারী।

অভিনন্দন জানিয়েছেন, জামায়াতে ইসলামীর লালমোহন উপজেলা সেক্রেটারি রুহুল আমিন, শিক্ষক আমজাদ হোসেন, লালমোহন ইসলামী সমাজ কল্যাণ পরিষদের চেয়ারম্যান শফিকুল হক মিয়া।

পাশাপাশি ব্যবসায়ী বাদশা মিয়া ও রিক্সা শ্রমিক নাজির মিয়ার বক্তব্য ভিন্ন ধর্মী। তারা বলেন, মেজর হাফিজ উদ্দিন স্পিকার হয়েছেন আমরা খুশি তবে তার চেয়ে বেশি খুশি হবো যদি দেশ ভালোভাবে চলে। টাকা পয়সার অর্থ দিলেই আমরা শান্তিতে থাকবো এমনটি নয়। আমরা চাই তার নেতৃত্বে দেশ ভালোভাবে চলুক। তারা আরো বলেন, আমরা চাই এই স্পিকারের নেতৃত্বে লালমোহন তজুমদ্দিনের মানুষ শান্তিতে থাকুক, সুখে থাকুক। আমরা আর আগের সময়ের মতো হানাহানি আর মারামারি চাই না।

উল্লেখ্য, মেজর হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম ইতিপূর্বে ভোলা-৩ (লালমোহন-তজুমদ্দিন) আসন থেকে তিনি ৬ বার এবং ২০২৬ সাল নিয়ে ৭ বার জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। বাণিজ্যমন্ত্রীসহ এ নিয়ে দুইবার মন্ত্রীর দায়িত্ব পালন করেছেন তিনি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...