আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

দশমিনাায় প্রতিমন্ত্রীর উপস্থিতিতে ইফতার পার্টিতে সাংবাদিকের ওপর হামলা

বরিশাল অফিস ও দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি:

দশমিনাায় প্রতিমন্ত্রীর উপস্থিতিতে ইফতার পার্টিতে সাংবাদিকের ওপর হামলা

পটুয়াখালীর দশমিনায় গণঅধিকার পরিষদের আয়োজনে ইফতার পার্টিতে দলটির সভাপতি ও প্রতিমন্ত্রী নূরুল হক নুরের উপস্থিতিতে সাংবাদিকের ওপর হামলা চালিয়েছে ছাত্র ও যুব অধিকার পরিষদের নেতাকর্মীরা।

শনিবার ইফতারের পরপরই উপজেলা সদরের দশমিনা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

জানা যায়, গণঅধিকার পরিষদের সভাপতি নূরুল হক নুর সরকারের শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পাওয়ার পর প্রথম দশমিনায় শুভাগমন উপলক্ষে গণসংবর্ধনা ও ইফতার মাহফিলের আয়োজন করে দলটি। আগত অনেক রোজাদার ইফতার সামগ্রী না পাওয়ায় হট্টগোলের সৃষ্টি হয়। দৈনিক মানবজমিন পত্রিকার দশমিনা উপজেলা প্রতিনিধি সাফায়েত হোসেন ওই ঘটনার ভিডিও ধারণ করলে ছাত্র ও যুব অধিকার পরিষদের নেতাকর্মীরা তার ওপর অতর্কিত হামলা চালায়। পরে স্থানীয় বিএনপির নেতাকর্মীর তাকে উদ্ধার করে।

মারধরে ওই সাংবাদিক গুরুতর অসুস্থ হয়ে পড়লে স্থানীয় সংবাদকর্মীরা তাকে দশমিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে ভর্তি করেন।

এ বিষয়ে নূরুল হক নুর বলেন, ইফতারের খাবার বিতরণে বিশৃঙ্খলার ঘটনা শুনেছি। তবে গণমাধ্যম কর্মীকে লাঞ্ছিত করেছে সেটা আমি শুনিনি।

দশমিনা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসনাইন পারভেজ বলেন, আমি হাসপাতালে ফোর্স পাঠাচ্ছি, তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন