ভোলার চরফ্যাশনে গৃহবধূকে ধর্ষণের চেষ্টা চালানোর অভিযোগ উঠেছে বিএনপির এক নেতা ও তার এক সহযোগীর বিরুদ্ধে।
অভিযুক্তরা হলেন চরফ্যাশন উপজেলার চরকুকরি-মুকরি ইউনিয়ন চরপাতিলা ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. ফিরোজ (৪৫) এবং একই ওয়ার্ডের বাসিন্দা মন্নান মাঝি (৪৫)।
বৃহস্পতিবার এ ঘটনায় জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে একটি মামলা দায়ের করেছেন ওই ভুক্তভোগী নারী।
মামলা সূত্রে জানা গেছে, গত ২৮ জুন বিকেল ৫টার দিকে ওই নারীর স্বামীর বসতঘরের পিছনের বারান্দায় চৌকির ওপরে এই ধর্ষণ চেষ্টার ঘটনা ঘটে। এ সময় ওই নারী চিৎকার দিলে আসামিগণ নারীর পরিহিত কাপড় মুখের মধ্যে ঢুকাইয়া নারীর সাথে খারাপ কাজ করার জন্য চেষ্টা করেন। ধস্তাধস্তির একপর্যায়ে ওই নারীর মুখের কাপড় সরে গেলে তিনি সজোরে চিৎকার করেন। এরপর আশপাশের লোকজন এগিয়েআসলে আসামিরা পালিয়ে যায়। পরে জখম অবস্থায় ওই নারীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
ভুক্তভোগী নারী জানান, এ ঘটনায় দক্ষিণ আইচা থানায় মামলা করতে গেলে পুলিশ মামলা নেয়নি। তাই তিনি আদালতের শরণাপন্ন হয়ে মামলা দায়ের করেন। মামলা দায়ের করার পর থেকে বিএনপি সভাপতি ও তার সহযোগীর ভয়ে স্বামীর বসতবাড়ি ছেড়ে অন্য জায়গায় গোপনে আশ্রয় নিয়েছেন।
এ বিষয়ে অভিযুক্ত বিএনপির সভাপতি ফিরোজ ও তার সহযোগী মন্নান নিজেদের নির্দোষ দাবি করে বলেন, আমাদের উদ্দেশ্যপ্রণোদিতভাবে ফাঁসানো হচ্ছে। এ ঘটনার সাথে জড়িত নয়।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

