ভোলার চরফ্যাশনে নিখোঁজের একদিন পর বশার পণ্ডিত (৩৫) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। রোববার দুপুরে উপজেলার নজরুলনগর ইউনিয়নের একটি ডোবা থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় সন্দেহভাজন দুজনকে আটক করা হয়েছে। লাশ উদ্ধারের পর ক্ষুব্ধ জনতা সন্দেহভাজনের বসতঘরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শনিবার বেলা আনুমানিক ১১টার দিকে সালমা নামে এক নারী ফোন করে বশার পণ্ডিতকে তার নিজ ঘরে ডেকে নেন। এরপর থেকেই নিখোঁজ ছিলেন বশার। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজ করেও তার সন্ধান পাননি।
রোববার দুপুর ১টার দিকে সালমার বাড়ির সামনে কচুরিপানায় ভরা একটি ডোবায় বশার পণ্ডিতের লাশ ভেসে উঠতে দেখেন স্থানীয়রা। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।
পরিবারের সদস্য ও স্থানীয়দের দাবি, লাশের গলায় দাগ এবং পেটে আঘাতের চিহ্ন রয়েছে।
লাশ উদ্ধারের খবর ছড়িয়ে পড়লে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে বিক্ষুব্ধ জনতা হত্যাকাণ্ডে সন্দেহভাজনের বসতঘরে হামলা চালিয়ে ভাঙচুর করে এবং আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে চরফ্যাশন ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
এ ঘটনায় সন্দেহভাজন সালমা ও তার স্বামী সাইদুর রহমানকে আটক করেছে দক্ষিণ আইচা থানা পুলিশ। নিহত বশার পণ্ডিত উপজেলার নজরুলনগর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আবুল কাশেমের ছেলে। সন্দেহভাজন সালমা একই ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের আবুল মৃর্ধার মেয়ে।
ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন ভোলা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আহসানুজ্জামান পিপিএম, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুমানা আফরোজ, চরফ্যাশন সার্কেলের সহকারী পুলিশ সুপার মেহেদী হাসান এবং দক্ষিণ আইচা থানার ওসি আহসান কবির।
নিহতের বাবা আবুল কাশেম বলেন, “আমার ছেলেকে ফোন করে বাড়িতে ডেকে নেওয়ার পর থেকে সে নিখোঁজ ছিল। পরে গলায় দাগ ও পেটে আঘাতের চিহ্নসহ তার লাশ পাওয়া গেছে। এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।”
জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আহসানুজ্জামান পিপিএম বলেন, “ঘটনার প্রকৃত কারণ এবং হত্যাকাণ্ডের সঙ্গে কারা জড়িত, তা তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় সন্দেহভাজন সালমা ও তাঁর স্বামীকে আটক করা হয়েছে। তদন্ত শেষে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

