পটুয়াখালী জেলার বিভিন্ন স্থানে সৌদি আরবের সঙ্গে মিল রেখে চাঁনটুপির অনুসারী ৩০ গ্রামের অর্ধলক্ষাধিক মানুষ ঈদ উল ফিতর উদযাপন করেছেন। ঈদ উপলক্ষে জেলার এসব গ্রামে সকাল থেকে বিরাজ করছে উৎসবের আমেজ।
শুক্রবার (২০ মার্চ) সকাল ৯টায় পটুয়াখালী সদর উপজেলার বদরপুর ইউনিয়নের বদরপুর দরবার শরীফে ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে। এতে ইমামতি করেন বদরপুর দরবার শরীফ জামে মসজিদের ইমাম ও খতিব আলহাজ মাওলানা মো. শফিকুল ইসলাম গনি।
স্থানীয়রা জানান, পৃথিবীর যেকোনো স্থানে ঈদের চাঁদ দেখা গেলেই ঈদ উদযাপন করেন তারা, রোজাও রাখেন একদিন আগে। শুধু ঈদুল ফিতর নয়, এ রীতির অনুসারীরা ঈদুল আযহাও পালন করেন একদিন আগে।
ঈদের জামাতে অংশ নেওয়া রফিকুল ইসলাম বলেন, জন্মের পর থেকেই আমরা এভাবে ঈদ উদযাপন করে আসছি। প্রায় ১০০ বছর ধরে আমাদের এমন নিয়ম। আমাদের বাড়িতে সকলের জন্য সেমাই-পায়েস রান্না করেছি। এদিন বন্ধু-বান্ধবরা অনেকেই আগ্রহ নিয়ে আমাদের বাড়ি বেড়াতে আসেন।
স্থানীয় বাসিন্দা মো. করিম বেপারী বলেন, আমাদের পীরসাহেবের নির্দেশক্রমে আমরা ঈদ পালন করি। আমরা রোযাও রাখি একদিন আগে, তাছাড়া কোরবানির ঈদও পালন করি বাংলাদেশের মানুষের ১ দিন আগেই।
শুক্রবার সদর উপজেলার বদরপুর, ছোটবিঘাই; গলাচিপা উপজেলার পশুরী বুনিয়া, সেনের হাওলা, কানকুনি পাড়া, মৌডুবি, নিজ হাওলা; বাউফল উপজেলার রাজনগর, বগা, ধাউরাভাঙ্গা, মদনপুরা, সুরদি, চন্দ্রপাড়া, দ্বিপাশা, শাপলা খালী, আমিরাবাদ, কনকদিয়া; কলাপাড়া উপজেলার ইটবাড়ীয়া, শহরের নাঈয়া পট্টি, টিয়াখালী, তেগাছিয়া এবং দক্ষিণ দেবপুরসহ আরও বেশ কয়েকটি গ্রামে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়।
জানা যায়, ১৯২৮ সালে এক পীরের উদ্যোগে সৌদি আরবের চাঁদের সঙ্গে মিল রেখে ঈদ পালনের এ প্রথার সূচনা হয়। আগাম ঈদ উদযাপনকারী এসব মানুষ সবাই হানিফি মাজহাব ও কাদেরিয়া তরিকার অনুসারী। তাদের বর্তমান পীর হলেন চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার হজরত শাহসুফি মাওলানা মুফতি মোহাম্মদ মমতাজ আলী।
বদরপুর দরবার শরীফ মসজিদের ইমাম ও খতিব আলহাজ মাওলানা মো. শফিকুল ইসলাম গনি বলেন, ‘১০০ বছর পূর্বে থেকে সৌদি আরবের সঙ্গে মিল রেখে একদিন আগে রোজা এবং ঈদ-পালন করে আসছি।’
বদরপুর দরবার শরীফে প্রধান জামাতে উপস্থিত ছিলেন দরবার শরীফ এর অন্যতম পরিচালক বিশিষ্ট সমাজসেবক আলহাজ নাজমুস শাহাদাত। জামাতে চাঁনটুপি অনুসারীরাসহ স্থানীয় বিপুলসংখ্যক মুসুল্লি অংশগ্রহণ করেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

