আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানসহ চার সাংবাদিকদের বিরুদ্ধে মেঘনা গ্রুপের চেয়ারম্যান মোস্তফা কামালের মামলার প্রতিবাদে পটুয়াখালী জেলার মির্জাগঞ্জে মানববন্ধন কর্মসূচি পালন হয়েছে।
বুধবার বিকেলে আমার দেশ পাঠক মেলার উদ্যোগে উপজেলার বাকেরগঞ্জ-বরগুনা সড়কে নিউমার্কেটে এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন স্থানীয় সাংবাদিক, শিক্ষকসহ বিভিন্ন পেশাজীবীরা অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন, মির্জাগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও দৈনিক ইত্তেফাকের মির্জাগঞ্জ সংবাদদাতা অ্যাডভোকেট মো.মজিবুর রহমান, প্রথম আলোর উপজেলা প্রতিনিধি মো. জাকির হোসেন, যুগান্তরের উপজেলা প্রতিনিধি মো. রফিকুল ইসলাম সাদ্দাম, দৈনিক আমার দেশের মির্জাগঞ্জ উপজেলা প্রতিনিধি মো.শামসুল হক, খবর বাংলাদেশের উপজেলা প্রতিনিধি মো. জিয়াউর রহমান, সাবেক ইউপি সদস্য মো. আব্দুস সাত্তার হাওলাদার, দুমকী আজিজ আহম্মেদ কলেজের প্রভাষক রেজাউল করিম, সহকারী শিক্ষক আব্দুস সালাম, আবুল কাশেম ও মাধবখালী ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি মো. মহিউদ্দিন মোল্লা প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, মাহমুদুর রহমান একজন স্পষ্টবাদী সম্পাদক। বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের সময় দেশের বিভিন্ন আদালতে তার বিরুদ্ধে ১৩৬টি মামলা দায়ের করা হয়। কুষ্টিয়ার আদালতে হাজিরা দিতে গেলে যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা তার ওপর অমানবিক নির্যাতন চালায়। সেই আওয়ামী ফ্যাসিবাদের দোসর মেঘনা গ্রুপের চেয়ারম্যান মোস্তফা কামালের বিভিন্ন দুর্নীতির খবর আমার দেশ পত্রিকায় প্রকাশিত হওয়ায় সম্পাদক মাহমুদুর রহমানের বিরুদ্ধে মামলা দেয়ার ধৃষ্টতা দেখিয়েছে। বক্তারা অবিলম্বে মামলা প্রত্যাহারের দাবি জানান।
মানববন্ধনে সভাপতিত্ব করেন আমার দেশ পাঠক মেলার মির্জাগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক মো. আরিফুর রহমান বাবু।
এমএস
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

