পটুয়াখালীর দুমকিতে ২৫ জন অসচ্ছল ব্যক্তির মাঝে আর্থিক অনুদানের চেক এবং উপজেলার পাঁচটি ইউনিয়নের তরুণদের খেলাধুলার মানোন্নয়নে ফুটবল বিতরণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টায় উপজেলা পরিষদ সম্মেলনকক্ষে আয়োজিত এক সুধী ও জনকল্যাণমূলক অনুষ্ঠানে অসচ্ছলদের মধ্যে ৫ হাজার টাকা করে অনুদানের চেক এবং তরুণদের মধ্যে ১০টি ফুটবল হস্তান্তর করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এসব অনুদানের চেক ও ক্রীড়াসামগ্রী বিতরণ করেন পটুয়াখালী-১ আসনের সংসদ সদস্য আলহাজ আলতাফ হোসেন চৌধুরী।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুল্লাহ খায়রুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. মুজিবুর রহমান।
এ সময় অন্যদের মধ্যে উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মো. মতিউর রহমান দিপু, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. ইব্রাহিম হাওলাদারসহ উপজেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ও অন্য বক্তারা বলেন, যুবসমাজকে মাদকাসক্তি ও নানা সামাজিক অপরাধ থেকে দূরে রেখে সুস্বাস্থ্যের অধিকারী করে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই। তৃণমূল পর্যায়ে তরুণদের খেলাধুলায় সম্পৃক্ততা বাড়াতে এ ধরনের সামাজিক ও ক্রীড়া উদ্যোগ ইতিবাচক ভূমিকা রাখবে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

