আগামী দুই মাসের মধ্যে দ্বীপজেলা ভোলাবাসী গৃহস্থালিতে জ্বালানি গ্যাস সংযোগ পাবে বলে জানিয়েছেন, ‘আমরা ভোলাবাসী’ নামে সংগঠনের যুগ্ম আহ্বায়ক ও জেলা বিএনপির সদস্যসচিব রাইসুল আলম।
বুধবার ভোলা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে ইন্ট্রাকোর দেওয়া আশ্বাসে চলমান আন্দোলন স্থগিতের পর তিনি এ ঘোষণা দেন।
রাইসুল আলম জানান, আমরা ভোলার মানুষ ৬টি দাবি নিয়ে দীর্ঘদিন ধরে আন্দোলন সংগ্রাম করে আসছি। সেসকল দাবিগুলোর মধ্যে উল্লেখযোগ্য ছিল ভোলায় গৃহস্থালিতে গ্যাস সংযোগ দেয়া। যার কারণে ইন্ট্রাকোকে ভোলা থেকে গ্যাস নেয়া বন্ধ করে দেয়া হয়। ইন্ট্রাকোর পক্ষ থেকে জেলা প্রশাসকের মাধ্যমে জানানো হয়েছে গ্যাসের সমস্যার কারণে রাজধানীতে অনেকগুলো ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে যাচ্ছে। দেশের অর্থনীতি সচল রাখতে ও মানবিক কারণে পূর্বের মতো যথারীতি সেসকল ইন্ডাস্ট্রির জন্য গ্যাস নেয়া প্রয়োজন। সেই প্রেক্ষাপটে ভোলায় গৃহস্থালিতে সংযোগ দেয়ার জন্য ২ হাজার ১শত ৪৫টি সংযোগের টাকা সরকারি কোষাগারে (ডিমান্ড নোট) জমা আছে। এ সকল সংযোগগুলো আগামী ২ মাসের মধ্যে দেয়ার শর্তসাপেক্ষে ইন্টারটোর দাবি মেনে নিয়েছে ‘আমরা ভোলাবাসী’ সংগঠন। ইন্ট্রাকো এ শর্ত মেনে নেয়ার পাশাপাশি যারা এই সংযোগ সুবিধা পাচ্ছে না তাদের জন্য ২০ হাজার সিলিন্ডার গ্যাস সরবরাহ করবে। প্রত্যেক সিলিন্ডার গ্যাসের মূল্য থাকবে ৮২৫ টাকা।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

