চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২২-২৩ শিক্ষাবর্ষের অর্থনীতি বিভাগের শিক্ষার্থী লাবিবা লামিয়ার নিজ রুমের জানালা থেকে ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। পা মাটিতে লেগে থাকা ও জানালার সাথে ঝুলন্ত অবস্থা নিয়ে রহস্য তৈরি হয়েছে।
সোমবার সকাল সাড়ে ৯টায় লামিয়ার রুমের জানালা থেকে তার লাশ নিচে নামায় তার মা ও বাবা মুতাসির বিল্লাহ শামীম।
জানা যায়, লাবিবা লামিয়া তার বাবা-মায়ের সাথে বিশ্ববিদ্যালয়ের ল্যাবরেটরি স্কুলের সামনের একটি বাসার চার তলায় ভাড়া থাকতেন। তিনি বিশ্ববিদ্যালয়ের ২০২২-২৩ শিক্ষাবর্ষের অর্থনীতি বিভাগের শিক্ষার্থী ও শাখা ছাত্রদলের নেত্রী।
তিনি প্রথম বর্ষের পরীক্ষায় ছয়টি কোর্সে অকৃতকার্য হওয়ায় ড্রপ আউট হন। এ নিয়ে ডিপ্রেশনে ভুগছিলেন বলে সহপাঠীরা জানিয়েছেন।
সোমবার (২৮ জুলাই) সকাল সাড়ে ৯টায় তার বাসার গৃহকর্মী কক্ষ ঝাড়ু দিতে গেলে লামিয়াকে জানালার সাথে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে তারা বাবা-মা তার লাশ নামিয়ে নিচে রাখেন।
এ বিষয়ে লামিয়ার বাসার গৃহকর্মী বলেন, লামিয়া আপু জানালার সাথে ঝুলে ছিলেন। তবে তার পা মাটিতে লেগে ছিল। আমি চিন্তা করতেছি কিভাবে মারা গেল। ফাঁসি দিলে তো ঝুলে থাকতে হয়।
বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর নূরুল হামিদ কানন বলেন, আমরা জানার পর হাটহাজারী থানা এবং পুলিশ ফাঁড়িতে বিষয়টি জানাই। পরে আমরা এসে দেখে তার মা-বাবা তার লাশ নামিয়ে নিচে শুয়ে রেখেছে। এখন লাশ পোস্টমর্টেমের জন্য পুলিশ নিয়ে গেছে।
এ বিষয়ে হাটহাজারী থানার ওসি কাওসার বলেন, আমরা খবর পেয়ে এখানে এসে লাশ মাটিতে শোয়ানো অবস্থায় পেয়েছি। আমরা লাশ পোস্টমর্টেমের জন্য নিয়ে যাচ্ছি। তদন্ত করে বিস্তারিত জানানো হবে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

