কক্সবাজারের চকরিয়ায় ১৭ হাজার পিস ইয়াবাসহ নুর মোহাম্মদ লিখন নামের এক মোটরসাইকেল আরোহী যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার বিকেলে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া উপজেলার মালুমঘাট জলদাশ পাড়া এলাকায় থানা পুলিশের আভিযানিক টিম চেকপোস্ট বসিয়ে এসব ইয়াবাসহ যুবককে গ্রেপ্তার করে। এ সময় তার ব্যবহৃত মোটরসাইকেলটিও জব্দ করে পুলিশ। পুলিশের অভিযানে গ্রেপ্তার নুর মোহাম্মদ লিখন শরীয়তপুর জেলার গোসাইহাট থানার লক্ষীপুর নাগেরপাড়া এলাকার শহিদ বিশ্বাসের ছেলে। রোববার দুপুরে থানা পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
থানা পুলিশ সূত্রে জানা যায়, মহাসড়ক দিয়ে ইয়াবা পাচারের গোপন সূত্রে খবর পেয়ে চকরিয়া থানার ওসির নেতৃত্বে থানা পুলিশের একটি আভিযানিক দল শনিবার বিকেলে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া উপজেলার মালুমঘাট জলদাশ পাড়া এলাকায় চেকপোস্ট বসায়। এ সময় কক্সবাজার থেকে চট্টগ্রাম অভিমুখী নম্বরপ্লেট বিহীন একজন মোটরসাইকেল চালককে থামানোর সংকেত দেওয়া হয়।
পুলিশের সংকেত পেয়ে মোটরসাইকেলটি থামালে চালক নুর মোহাম্মদ লিখনের গতিবিধি ও আচরণ সন্দেহজনক মনে হওয়ায় তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তার ব্যবহৃত মোটরসাইকেলের চাকার ভিতরে ইয়াবা ট্যাবলেট লুকিয়ে রাখার কথা স্বীকার করেন লিখন।
পরে তাকে গ্রেপ্তার করে মোটরসাইকেলটিসহ মালুমঘাট বাজারের একটি ওয়ার্কশপে নিয়ে যাওয়া হয়। সেখানে উপস্থিত সাক্ষীদের সামনে মোটরসাইকেলটির সামনের ও পিছনের চাকা খুলে টায়ারের ভিতরে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা অবস্থা থেকে ৩৮টি পোটলায় ১৭ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ সময় মাদক পরিবহনের কাজে ব্যবহৃত রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেলটিও জব্দ করা হয়।
পুলিশ জানায়, জিজ্ঞাসাবাদে নুর মোহাম্মদ লিখন স্বীকার করেন, কক্সবাজার থেকে কম মূল্যে ইয়াবা ক্রয় করে অধিক মূল্যে বিক্রয়ের জন্য মোটরসাইকেলের চাকার ভিতরে বিশেষ কায়দায় লুকিয়ে এসব ইয়াবা তিনি নিজ জেলা শরীয়তপুরে নিয়ে যাচ্ছিলেন।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুর রহমান বলেন, পুলিশের অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার আসামির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর রোববার দুপুরে আদালতের কাছে সোপর্দ করা হয়েছে। ওসি আরও বলেন, মাদক পরিবহনের ক্ষেত্রে যতই অভিনব কৌশল অবলম্বন করা হোক, সেটি চকরিয়া থানা পুলিশের চোখ ফাঁকি দেওয়া সম্ভব নয়। মাদকের বিরুদ্ধে থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
এমএইচ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

