দেশে খাদ্যের মজুত পর্যাপ্ত, রমজানেও সংকট হবে না: খাদ্যমন্ত্রী

দেশে খাদ্যের মজুত পর্যাপ্ত, রমজানেও সংকট হবে না: খাদ্যমন্ত্রী

দেশে চাহিদার তুলনায় বেশি খাদ্য মজুত রয়েছে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা। তিনি বলেছেন, দেশে খাদ্যের কোনো সংকট নেই। আসন্ন রমজানেও খাদ্য সংকটের আশঙ্কা নেই। গুদামগুলোতে জনবলের সংকট রয়েছে। এই সংকট কাটিয়ে উঠতে সরকার কাজ করছে।

বিজ্ঞাপন

শনিবার চট্টগ্রামের উত্তর পতেঙ্গায় প্রধান খাদ্য গুদামঘর বা সাইলো পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

আফরোজা খানম রিতা বলেন, দেশবাসীকে আশ্বস্ত করতে চাই, দেশে খাদ্যের কোনো সংকট নেই। যতটুকু চাহিদা রয়েছে, তার চেয়ে বেশি খাদ্য মজুত আছে। তাই খাদ্য নিয়ে উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই। রমজানেও কোনো সংকট হবে না।

খাদ্যমন্ত্রী বলেন, খাদ্য সরবরাহ স্বাভাবিক রাখা এবং মানুষের চাহিদা অনুযায়ী পণ্য পৌঁছে দেওয়ার বিষয়টি সরকার গুরুত্বের সঙ্গে দেখছে। বিশেষ করে রমজান মাসে সাধারণ মানুষের যাতে নিত্যপ্রয়োজনীয় পণ্য কিনতে অসুবিধা না হয়, সে জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এ সময় জনগণের কাছে সুলভ মূল্যে পণ্য সরবরাহের আশ্বাস দেন তিনি।

বিশ্ববাজারে জ্বালানি তেলের সংকটের কারণে দাম বাড়ছে উল্লেখ করে আফরোজা খানম রিতা বলেন, আন্তর্জাতিক পরিস্থিতির প্রভাবেই পণ্যের দামে পরিবর্তন এসেছে। তবে দেশের মানুষের ওপর যাতে বাড়তি চাপ না পড়ে, বিষয়টি বিবেচনায় রেখে দাম নির্ধারণ করা হয়েছে। জনগণের যাতে কোনো অসুবিধা না হয়, সরকার সেই চেষ্টা করছে।

খাদ্যমন্ত্রী আরো বলেন, খাদ্য মজুত ও সরবরাহব্যবস্থা সচল রাখতে খাদ্যগুদামগুলোর কার্যক্রম গুরুত্বপূর্ণ। তবে এসব গুদামে প্রয়োজনীয় জনবলের ঘাটতি রয়েছে। এ সমস্যা সমাধানে সরকার কাজ করছে। জনবলসংকট কাটিয়ে খাদ্য সংরক্ষণ ও ব্যবস্থাপনার কার্যক্রম আরও কার্যকর করার উদ্যোগ নেওয়া হচ্ছে।

রমজান সামনে রেখে খাদ্যপণ্যের সরবরাহ স্বাভাবিক রাখা এবং সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে পণ্য পৌঁছে দেওয়ার ওপর গুরুত্ব দেন খাদ্যমন্ত্রী।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন