১১ দলীয় ঐক্যজোট সমর্থিত ও বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত (৪৩) নম্বর সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য শামছুন্নাহার বেগম বলেছেন, “জুলাই গণঅভ্যুত্থানের অঙ্গীকার ইনসাফের বাংলাদেশ। সরকার জুলাই সনদ বাস্তবায়নে সময়ক্ষেপণ করছে। দেশের মানুষ রাষ্ট্র সংস্কার, জানমালের নিরাপত্তা ও দ্রব্যমূল্যের স্থিতিশীলতা দেখতে চায়।”
তিনি আরও বলেন, “সরকার জনগণের হাহাকারের কথা শুনছে না; তারা ফ্যাসিবাদের পথেই হাঁটছে। জনগণ এ দেশে আর কোনো ফ্যাসিবাদ কায়েম হতে দেবে না। প্রয়োজনে জীবন দিয়ে হলেও জুলাই সনদ বাস্তবায়ন করবে, অন্যথায় জুলাই বারবার ফিরে আসবে।”
মঙ্গলবার বাংলাদেশ জামায়াতে ইসলামী মিরসরাই উপজেলা মহিলা বিভাগের উদ্যোগে উপজেলা জামায়াতের কার্যালয়ে জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপজেলা মহিলা বিভাগের সেক্রেটারি তানজিনা আক্তার লিপির সভাপতিত্বে এবং সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক শিল্পী শিমুর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের মজলিসে শুরা সদস্য ও সহকারী সেক্রেটারি লুৎফুর নাহার, থানা তালিমুল কুরআন বিভাগের সম্পাদক জোবাইদা জবা, মানবসম্পদ সম্পাদক জোবাইদা জবাসহ উপজেলা ও স্থানীয় মহিলা বিভাগের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ।
আলোচনা সভা শেষে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের আত্মার মাগফিরাত কামনা এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

