চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুল ইসলাম মিয়া বলেছেন, মানবিক ও নিরাপদ রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য ডেঙ্গু প্রতিরোধে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। নিষ্ঠুর সমাজ থেকে বেরিয়ে এসে একটি নিরাপদ সমাজ গড়তে হবে এবং এ ক্ষেত্রে সকলের জোরালো ভূমিকা থাকতে হবে।
তিনি বলেন, গত ১২ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী তিন মাসব্যাপী সারা দেশে ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। বর্তমানে সকলের প্রচেষ্টায় ডেঙ্গুর প্রকোপ কমে এসেছে। বর্তমান সরকারের প্রধানমন্ত্রী তরুণ প্রজন্মকে নিয়ে স্বপ্ন দেখেন। কারণ তরুণ প্রজন্ম দেশের ভবিষ্যৎ। তারা সমাজের আলো, সেই আলোর প্রজ্জ্বলনের মাধ্যমে আমরা দেশ তথা পৃথিবীতে আলো ছড়াবো।
শনিবার দুপুরে হাটহাজারী উপজেলা প্রশাসনের আয়োজনে ও হাটহাজারী পৌরসভার বাস্তবায়নে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র্যালির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উপজেলার ১৫টি হটস্পটে এই পরিচ্ছন্নতা ও সচেতনতা কর্মসূচি শুরু করা হয়।
ডেঙ্গু প্রতিরোধে আয়োজিত এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শরিফ উদ্দিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন, সহকারী কমিশনার (ভূমি) শাহেদ আরমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তাপস কান্তি মজুমদার, উপজেলা বিএনপির আহ্বায়ক নূর মোহাম্মদ, পৌরসভা বিএনপির আহ্বায়ক জাকির হোসেন, সদস্য সচিব অহিদুল আলম, জেলা ছাত্রদলের সভাপতি তুকিবুল হাসান চৌধুরী তকি, পৌরসভার প্রকৌশলী সালমা আকতার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিয়াজ মোর্শেদ ও আবদুল মান্নান দৌলত প্রমুখ।
র্যালি ও উদ্বোধনী অনুষ্ঠান শেষে জেলা প্রশাসক পৌর সদরের ফটিকা এলাকায় দুর্গাপূজা মন্ডপের প্রস্তুতি পরিদর্শন করেন। এ সময় উপজেলা পূজা উদ্যাপন কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

