কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার শ্রীপুর ইউনিয়নে ভৌয়াই স্পোর্টিং ক্লাবের উদ্যোগে আয়োজিত মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। খেলায় ট্রাইব্রেকারে বাঙ্গালমুড়ি ফুটবল একাদশ ৩-২ গোলে বসুয়ারা ফুটবল একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
শুক্রবার বিকেলে ভৌয়াই মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলাকে ঘিরে স্থানীয় যুব ও কিশোরদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। খেলা উপভোগ করতে আশপাশের বিভিন্ন গ্রামের বিপুলসংখ্যক খেলাপ্রেমী দর্শক মাঠে উপস্থিত হন।
খেলা শেষে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা মহানগর শিবিরের সাবেক প্রচার সম্পাদক ও চৌদ্দগ্রাম উপজেলা শিবিরের সাবেক সভাপতি মনির হোছাইন মজুমদার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুমিল্লা দক্ষিণ জেলা শিবিরের সাবেক সভাপতি মহিউদ্দিন রনি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীপুর ইউনিয়নের সাবেক মেম্বার হুমায়ুন কবির, সৌদি আরবপ্রবাসী খোরশেদ আলম মজুমদার, সর্দার আবুল খায়ের মজুমদার ও ব্যবসায়ী হাজী ছিদ্দিকুর রহমান।
টুর্নামেন্টের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন জহির, জাহের, কামাল, মেহেদী, মহিন, নাইম, রাকিব, এনামূল, ফারুক, শরীফসহ স্থানীয় যুব সমাজের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অতিথিরা বলেন, যুবসমাজকে মাদক ও মোবাইল আসক্তি থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। খেলাধুলা তরুণদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি শৃঙ্খলাবোধ ও নেতৃত্বের গুণাবলি তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
তারা আরও বলেন, যুবকদের খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতে সমাজের সর্বস্তরের মানুষকে এগিয়ে আসতে হবে। মাঠে নিয়মিত খেলাধুলার সুযোগ তৈরি করা গেলে তরুণদের বিপথগামী হওয়ার প্রবণতা কমবে। যুবকরা খেলায় মনোযোগী হলে সমাজে অপরাধ কমে যাবে এবং একটি সুস্থ ও সুন্দর সমাজ গড়ে তোলা সম্ভব হবে।
আয়োজকরা জানান, তরুণ প্রজন্মকে খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত করা এবং স্থানীয় পর্যায়ে ক্রীড়ার পরিবেশ তৈরি করাই এ টুর্নামেন্ট আয়োজনের মূল উদ্দেশ্য। ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তারা।
ফাইনাল খেলা শেষে বিজয়ী বাঙ্গালমুড়ি ফুটবল একাদশের খেলোয়াড়দের হাতে চ্যাম্পিয়ন ট্রফি ও পুরস্কার তুলে দেওয়া হয়। রানার্সআপ বসুয়ারা ফুটবল একাদশকেও পুরস্কৃত করা হয়।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

