চট্টগ্রামে জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে এনসিপির বিক্ষোভ

চট্টগ্রামে জ্বালানি তেলের দাম বৃদ্ধির  প্রতিবাদে এনসিপির বিক্ষোভ

জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে চট্টগ্রামে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ।

বিজ্ঞাপন

মঙ্গলবার বিকেল ৪টায় নগরের জামালখান এলাকায় চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে সেখান থেকে একটি মিছিল বের হয়ে চেরাগী পাহাড় মোড়ে গিয়ে শেষ হয়।

সমাবেশে বক্তারা জ্বালানি তেলের বর্ধিত মূল্য অবিলম্বে প্রত্যাহারের দাবি জানিয়ে বলেন, সাধারণ মানুষের ওপর অতিরিক্ত দাম চাপিয়ে দেওয়া যাবে না। জ্বালানি তেলের দাম বাড়ার ফলে নিত্যপ্রয়োজনীয় পণ্য, পরিবহন ও কৃষিখাতে ব্যয় বাড়ছে, যার সরাসরি প্রভাব পড়ছে সাধারণ মানুষের জীবনযাত্রায়।

বক্তারা আরো বলেন, সরকারি খাতের অব্যবস্থাপনা ও অনিয়মের দায় সাধারণ মানুষের ওপর চাপানোর নীতি জনগণ মেনে নেবে না। দ্রুত মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত বাতিল করা না হলে চট্টগ্রামের জনগণকে সঙ্গে নিয়ে রাজপথে লাগাতার আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেন তারা।

সমাবেশে সভাপতিত্ব করেন চট্টগ্রাম মহানগর এনসিপির আহ্বায়ক মীর মোহাম্মদ শোয়াইব। প্রচার ও প্রকাশনা সম্পাদক রিদুয়ান হৃদয়ের সঞ্চালনায় বক্তব্য দেন মহানগর এনসিপির সদস্যসচিব আরিফ মঈনুদ্দিন, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক জাফর আহমদ চৌধুরী, জসিম উদ্দিন ওপেল, শেখ মোহাম্মদ সাজ্জাদ, জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব হুজ্জাতুল্লাহ বিন ফারুক ও যুগ্ম সদস্যসচিব আজগর আলী।

এমই

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন