কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হলেন প্রকৌশলী মোহাম্মদ জসিম উদ্দিন

স্টাফ রিপোর্টার, কক্সবাজার

কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হলেন প্রকৌশলী মোহাম্মদ জসিম উদ্দিন

কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের (কউক) নতুন চেয়ারম্যান (গ্রেড-২) হিসেবে নিয়োগ পেয়েছেন প্রকৌশলী মোহাম্মদ জসিম উদ্দিন। সরকার তাকে চুক্তিভিত্তিক এই পদে নিয়োগ দিয়েছে।

বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রণালয়ের উপসচিব মো. গোলাম রব্বানী স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞাপন

প্রজ্ঞাপনে বলা হয়, কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০১৬-এর ধারা ৫(২) অনুযায়ী প্রকৌশলী মোহাম্মদ জসিম উদ্দিনকে চুক্তিভিত্তিকভাবে চেয়ারম্যান পদে নিয়োগ প্রদান করা হয়েছে। যোগদানের তারিখ থেকে তিনি এক বছর মেয়াদে এ দায়িত্ব পালন করবেন।

নিয়োগের শর্ত অনুযায়ী, দায়িত্ব গ্রহণের আগে তাকে সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান বা অন্য যেকোনো পেশা ও ব্যবসার সঙ্গে সব ধরনের কর্ম-সম্পর্ক পরিত্যাগ করতে হবে।

সূত্র জানায়, প্রকৌশলী জসিম উদ্দিন কক্সবাজারের পেকুয়া উপজেলার সদর ইউনিয়নের উত্তর মেহেরনামা এলাকার বাসিন্দা। তিনি স্থানীয় মাস্টার কামাল হোসেনের ছেলে।

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি অর্জনের পর ১৯৮৪ সালে তিনি রাষ্ট্রায়ত্ত ইস্টার্ন রিফাইনারিতে কর্মজীবন শুরু করেন। দীর্ঘ কর্মজীবন শেষে ২০২০ সালের ২৯ সেপ্টেম্বর তিনি সরকারি চাকরি থেকে অবসর গ্রহণ করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, পেকুয়ায় তিনি বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের স্কুলজীবনের ঘনিষ্ঠ বন্ধু হিসেবে পরিচিত।

পারিবারিক সূত্রে আরও জানা গেছে, প্রকৌশলী জসিম উদ্দিনের স্ত্রী ও কন্যা দুজনই চিকিৎসক এবং তার ছেলে বর্তমানে একটি মেডিকেল কলেজে অধ্যয়নরত। এদিকে তার নিয়োগকে কেন্দ্র করে স্থানীয় মহলে বিভিন্ন আলোচনা চলছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...