কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্র সন্তান ইশায়্যাত শাহরিয়ার অপ্রতিমের (১৩) নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় রোববার বিশ্ববিদ্যালয়ে সাধারণ শোক ঘোষণা করা হয়েছে। এদিন বিশ্ববিদ্যালয়ের সব বিভাগের ক্লাস ও পূর্বনির্ধারিত পরীক্ষা স্থগিত থাকবে।
শনিবার বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার মো. মজিবুর রহমান মজুমদার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, অপ্রতিমের হত্যাকাণ্ডে বিশ্ববিদ্যালয় পরিবার গভীরভাবে শোকাহত ও স্তব্ধ। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এ হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে এবং মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেছে।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, বিশ্ববিদ্যালয় পরিবার এ হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত, ঘটনার সঙ্গে জড়িত অপরাধীদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছে। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে।
রোববারের স্থগিত হওয়া পরীক্ষাগুলোর নতুন সময়সূচি পরবর্তীতে সংশ্লিষ্ট বিভাগ নোটিশের মাধ্যমে জানাবে।
এর আগে, শনিবার দুপুরে কুমিল্লা বিশ্ববিদ্যালয়সংলগ্ন পশ্চিম সানন্দা এলাকার একটি গভীর জঙ্গল থেকে ১৩ বছর বয়সী অপ্রতিমের লাশ উদ্ধার করা হয়। শুক্রবার বিকেলে কোটবাড়ি এলাকার বাসা থেকে বের হওয়ার পর সে নিখোঁজ হয়। পরে সিসিটিভি ফুটেজ ও অন্যান্য তথ্যের ভিত্তিতে সন্দেহভাজন তিনজনকে আটক করেছে পুলিশ। অপ্রতিমের ময়নাতদন্ত শেষে শনিবার রাত আটটার দিকে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। রোববার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে অপ্রতিমের জানাজা অনুষ্ঠিত হবে।
এমই
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

