সৌদি আরবে আবারও পরশুরামের এক যুবককে অপহরণ করে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করেছে দুর্বৃত্তরা। অপহৃত যুবকের নাম আবুল হাশেম (২৭)। তিনি উপজেলার বক্সমাহমুদ ইউনিয়নের উত্তর কেতরাঙ্গা গ্রামের প্রবাসী ইব্রাহিমের ছেলে।
বুধবার রাত ৯টার দিকে রিয়াদের আল মুরব্বা এলাকার মোবারক হাসপাতালের সংলগ্ন নিজ বাসার সামনে থেকে তাকে অপহরণ করা হয়। তার সঙ্গে থাকা প্রবাসী সহকর্মীরা রিয়াদ পুলিশকে বিষয়টি অবহিত করেন।
প্রবাসী মো. ফারুক জানান, কাজ শেষ করে বাসার কাছাকাছি পৌঁছেন আবুল হাশেম। এ সময় কয়েকজন তাকে জোরপূর্বক গাড়িতে উঠিয়ে নিয়ে যায়। ঘটনাস্থলে তার জুতা পড়ে থাকতে দেখা যায়। তিনি বলেন, অপহরণের কয়েক মিনিট আগে হাশেমের সঙ্গে আমার সঙ্গে দেখা হয়েছে।
এদিকে বৃহস্পতিবার সকালে অপহৃত আবুল হাশেমের মা জাহানারা বেগমের কাছে কয়েকবার মোবাইল ফোনে কল করেন অপহরণকারী চক্রের সদস্যরা। আবুল হাশেমের মুক্তির বিনিময়ে ১০ লাখ টাকা চাঁদা দাবি করেন তারা। টাকা না দিলে তাকে মেরে ফেলার হুমকি দেওয়া হয়। তিনি বলেন, তাকে শারীরিকভাবে মারধর ও নির্যাতন করা হচ্ছে।
আবুল হাশেমের ভাই সৌদি প্রবাসী মাসুদ রানা বলেন, গত বছরের ডিসেম্বর মাসেও ৫-৬ জন অজ্ঞাত ব্যক্তি তাকে অপহরণের চেষ্টা করে ব্যর্থ হয়।
পরশুরাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম জানান, ঘটনাটি শুনেছি। তবে অপহৃত পরিবারের পক্ষ থেকে কেউ বিষয়টি জানায়নি।
এর আগে গত বছরের ২১ সেপ্টেম্বর রিয়াদের যেদিদ সানাইয়া এলাকায় পরশুরাম উপজেলার চিথলিয়া ইউনিয়নের পূর্ব অলকা গ্রামের আবদুস সালাম ভূঁইয়া সজীব (২৮) নামে আরেক প্রবাসীকে অপহরণ করা হয়। অপহরণকারী চক্র তাকে লোহার শিকলে বেঁধে নির্যাতন করে ভিডিও পাঠিয়ে তার পরিবারের কাছে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করে।এর কয়েক দিন পরে অপহরণকারী চক্রের কাছ থেকে পালিয়ে আসেন সজীব।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

